খুঁজুন
                               
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩
           

ঈদযাত্রা ঘিরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
ঈদযাত্রা ঘিরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার ও অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে বাসের আসনের এসব টিকিট বিক্রি শুরু হয়। প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেইজের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেয়।

শ্যামলী এন.আর. ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা-রাজশাহী, চাঁপাই, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুর রুটের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যাত্রীরা কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার ও শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে টিকিট কাটার জন্য একটি কিউআর কোড ও যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অরিন ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ সকাল ৭টা থেকে ঢাকার কল্যাণপুর ও গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। গাবতলী কাউন্টার থেকে শুধুমাত্র গাইবান্ধা রুটের এবং কল্যাণপুর কাউন্টার থেকে জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের টিকিট দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, অনলাইন যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট অর্থাৎ কল্যাণপুর ও গাবতলী থেকেই বাসে উঠতে হবে, অন্য কোথাও থেকে উঠতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায় নেবে না। এ ছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। মোবাইল ফোনে কোনো ঈদের টিকিট বুকিং নেওয়া হবে না, সরাসরি কাউন্টার বা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ২১ মে থেকে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর ও শ্যামলীর নির্ধারিত কাউন্টারগুলোতে একযোগে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে। কাউন্টার ও অনলাইন দু’ভাবেই তাদের টিকিট পাওয়া যাবে।

গ্রিনলাইন পরিবহন জানিয়েছে, ঈদুল আজহার টিকিট তাদের সকল কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। তাই টিকিট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যায়। একই সঙ্গে ঈদের অনলাইন টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখার নির্দেশনাও দিয়েছে গ্রিনলাইন পরিবহন।

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তাদের সকল রুটের অগ্রিম টিকিট এখন ওয়েবসাইট ও নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। যাত্রীরা অনলাইন কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ভিনির জোড়া গোল, নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে নকআউটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
ভিনির জোড়া গোল, নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে নকআউটে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যেন বিধ্বংসী মেজাজে দেখা গেল ব্রাজিলকে। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতি থেকে এসে ব্যবধান আরও বাড়িয়ে ৩-০ তে করে সেলেসাওরা। আটলান্টায় অনুষ্ঠিত এই লড়াইয়ে শুরু থেকেই স্কটিশ রক্ষণভাগকে চাপের মুখে রেখে আধিপত্য বিস্তার করেছে ভিনি-কুনিয়ারা।

ম্যাচের শুরুর দিকেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলে ভাগ্য খোলে ব্রাজিলের। অষ্টম মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। সেই চাপে পড়ে ম্যাকেনা বল ক্লিয়ার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, আর সেই সুযোগটি লুফে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে নিপুণ দক্ষতায় কাটিয়ে বল জালে জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

২৫ মিনিটে ভিনিসিয়ুস আবারও জালের দেখা পেয়েছিলেন, তবে ভিএআর প্রযুক্তির সাহায্যে সেই গোলটি বাতিল করা হয়। কারণ হিসেবে দেখানো হয়, বল জালে পাঠানোর ঠিক আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তাতে দমে যাওয়ার পাত্র নন ভিনি।

বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবারের বিশ্বকাপে এটি ভিনির ব্যক্তিগত চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাতেউস কুনহার গোলে স্কোরলাইন ৩-০ করে ব্রাজিল। আবারও আক্রমণ তৈরিতে বড় ভূমিকা রাখেন ব্রুনো গিমারায়েসের। তার পাস থেকে ডান পায়ে ফিনিশ করেন কুনিয়া। এদিকে কোনঠাসা স্কটল্যান্ড ক্রমেই হতাশ হয়ে পড়ে। ৫৫ মিনিটে ম্যাকলিনের পেনাল্টির আবেদনও নাকচ হয়। অন্যদিকে ব্রাজিল এখন পুরো নিয়ন্ত্রণে।

কালের আলো/এসআর/এএএন

ভিনির জোড়া গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ণ
ভিনির জোড়া গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখাচ্ছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যাত সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা গেছে ব্রাজিলকে। খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় আক্রমণভাগের দারুণ সমন্বয়ে গোল আদায় করে নেন ভিনিসিয়ুস। সতীর্থের বাড়ানো নিখুঁত পাসে স্কটিশ রক্ষণভাগকে পরাস্ত করে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান এই তারকা ফরোয়ার্ড।

লিড নেওয়ার পরও ব্রাজিলের আক্রমণের ধার একটুও কমেনি। ভিনিসিয়ুস, লুকাস প্যাকেতা ও কুনহার সম্মিলিত আক্রমণ বারবার কাঁপিয়ে তুলছে স্কটল্যান্ডের রক্ষণভাগ। বিপরীতে, গোল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কটল্যান্ড। তবে ব্রাজিলের সুসংগঠিত রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ বজায় থাকায় প্রতিপক্ষ খুব একটা সুবিধা করতে পারছে না।

উল্টো ম্যাচের ২২ মিনিটে আবার গোলের দেখা পায় সেলেসাওরা। স্কটিশ তারকা জ্যাক হেনড্রি অ্যাঙ্গাস গানকে একটি জঘন্য ব্যাক পাস দেন এবং ভিনি সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে স্কোর ২-০ করেন। তবে ভার চেকে ভিনির ফাউল ধরা পরলে গোলটি বাতিল করা হয়। এরপর হাইড্রেশন বিরতির পর কিছুটা বদলে গেছে স্কটল্যান্ডের খেলা। ব্রাজিলের চাপ সামলে এবার নিজেরাও আক্রমণে উঠতে শুরু করেছে স্টিভ ক্লার্কের দল।

৩০ মিনিটে প্রথম কর্নার পায় স্কটল্যান্ড। প্রাথমিক ডেলিভারি ক্লিয়ার হলেও ডান দিক থেকে জন ম্যাকগিন বাঁ পায়ে দারুণ বল তোলেন বক্সে। ম্যাকেনা হেড করতে উঠলেও ঠিকমতো লক্ষ্য রাখতে পারেননি, শেষ পর্যন্ত বিপদ কাটায় ব্রাজিল।

এরপর আরেকটি কর্নার থেকেও সুবিধা নিতে পারেনি স্কটল্যান্ড। বক্সের ভেতর ব্রুনো গিমারায়েস পড়ে গেলে ফাউলের বাঁশি বাজান রেফারি, ফলে চাপ কাটিয়ে ওঠে ব্রাজিল। শেষ কয়েক মিনিটে স্কটল্যান্ড অন্তত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফের ভিনির গোলে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। বাকি সময়ে আর কোনও অঘটন না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

কালের আলো/এসআর/এএএন

রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বিশেষ মাদকবিরোধী টিম, মতিহার থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম মঙ্গলবার রাতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন- মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে সাগর আলী, মোয়াজ্জেম আলীর ছেলে রাজিব আলী এবং মৃত সাঈদের ছেলে শিহাব আলী। এ মামলার পলাতক আসামি হলেন মতিহার থানাধীন চরসাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মোজাহার আলীর ছেলে কামরুল ইসলাম এবং ইব্রাহিম আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মতিহার থানার জাহাজঘাট-দাশমারী এলাকা থেকে সাগর আলীকে এবং চরসাতবাড়িয়া এলাকা থেকে রাজিব আলী ও শিহাব আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামির বাড়িতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

অভিযানের সময় গ্রেপ্তার আসামিদের দেহ তল্লাশি এবং পলাতক আসামিদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ভারতীয় ইসকাফ সিরাপ ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি