খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

মিরাজের ফাইফারে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মিরাজের ফাইফারে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাটারদের নৈপুণ্যে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে ৪১৩ রান করার পর পরও এলোমেলো বোলিংয়ে সুবিধাজনক অবস্থানে ছিল পাকিস্তান। আজ ১ উইকেটে ১৭৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করা সফরকারীরা আজও দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে টাইগার বোলারদের চেষ্টায় শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারেননি শান মাসুদরা। মিরাজের ফাইফারে শেষ পর্যন্ত ৩৮৬ রানে অল আউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ পেয়েছে ২৭ রানের লিড।

রোববার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিনে মিরাজের পাঁচ উইকেটের সৌজন্যে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। অভিষিক্ত আজান আওয়াইসের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও সফরকারীরা বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয়।

পাকিস্তানের ইনিংসের শেষ সেশনটি ছিল বেশ নাটকীয়। থিতু হওয়া ব্যাটার সালমান আলী আগাকে ৫৮ রানে সাজঘরে ফেরান নাহিদ রানা। এরপর পাকিস্তানের নিচের সারির ব্যাটাররা আরো ৩৩ রান যোগ করলে তাইজুল ইসলাম হাসান আলীকে বোল্ড করে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মিরাজ, ১০২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে এবং নাহিদ রানা একটি উইকেট নেন।

এর আগে দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছিল। এই সেশনে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ উইকেটে ১১৯ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়েন এবং দুজনেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। সেশনের একদম শেষ দিকে তাইজুল ইসলাম রিজওয়ানকে ৫৯ রানে আউট করে এই বিপজ্জনক জুটি ভাঙলে চা-বিরতি ঘোষণা করা হয়।

দিনের শুরুতে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান দুই অভিষিক্ত আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজলের ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছিল। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন। আজান আওয়াইস অভিষেক ম্যাচেই ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যাতে ছিল ১৪টি চারের মার। তাসকিন আহমেদের বলে আওয়াইস আউট হওয়ার পর পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামে। অদম্য ৬০ রান করা আব্দুল্লাহ ফজলও মিরাজের শিকার হয়ে মাঠ ছাড়েন। এক পর্যায়ে ২৩০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলেন রিজওয়ান ও আগা। তবে শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে লিড ধরে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

এদিকে পাকিস্তান অলআউট হওয়ার পর দিনের একেবারে শেষভাগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার মিলে খেলেন ১.৫ ওভার। এরপর আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান, লিড ৩৪ রানের।

কালের আলো/আরডি/এমডিএইচ

স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে খেলতে নেমে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটিশরা।

এডিনবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিং জুটিতে আসে ১৬ রান। ১৩ বলে ১২ রান করে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার দিলারা আক্তার আউট হওয়ার আগে করেন ১১ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ২২ রান করে করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণ আক্তার। ২ রান করেন রাবেয়া খান।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি স্কটিশরা। দলনেতা ক্যাথরিন ব্রাইসের ফিফটিতে সহজ জয় পেয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন ক্যাথরিন। ২৮ রান করেন ওপেনার ক্যাথেরিন ফ্রেশার। এছাড়া ডার্সি কার্টার ও সারাহ ব্রাইস ২৩ রান করে করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বর্জ্য অপসারণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
বর্জ্য অপসারণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: সেলিম উদ্দিন

মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

পশুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি তার।

শনিবার (৩০ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। রাজধানীর অনেক এলাকায় এখনো পশুর বর্জ্য পড়ে আছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোতেও সরকারের সমালোচনা করেন তিনি।

জামায়াত নেতা বলেন, ‘জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় সমস্যার সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি।’

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আরোহী আহত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল।

পথে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল।

পথে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি