খুঁজুন
                               
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩
           

‘পুশইন’ বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
‘পুশইন’ বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

মন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে। যেকোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নেয়া হবে।

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের কোরবানির পশুরহাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা হয়রানির অভিযোগ জানাতে ১৬৬১৩ নম্বরে হটলাইনে ফোন দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদরদফতরে বিশেষ সেল গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন এই মনিটরিং সেল কার্যক্রম চালাবে।’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুরহাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি হাট থাকবে।

তিনি বলেন, এসব হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সিসিটিভি নজরদারি, মোবাইল টহল ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।

কালের আলো/এসআর/এএএন

ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে এটি নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞান কেন্দ্রে পরিণত হয়।

আজ (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিএফটিআই-এর ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার জন্য বিএফটিআই-এর অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ এবং গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, “আমরা বিএফটিআইকে একটি স্থায়ী ও কার্যকর রিসোর্স বেস হিসেবে গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সহায়তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

সভায় বিএফটিআইকে একটি দক্ষ ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দিতে একজন যোগ্য চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগের সুপারিশ গৃহীত হয়। পাশাপাশি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অব বাংলাদেশের (ইউজিসি) অনুমোদন নিয়ে বিএফটিআই-এর অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন ও বাণিজ্য নীতি গবেষণায় দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

বোর্ড সভায় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কালের আলো/এসএকে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার টিকিট ১৩ থেকে ১৭ মে এবং ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ের পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

রেলওয়ে বলছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত, তুরস্কের সঙ্গে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত, তুরস্কের সঙ্গে সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং তুরস্ক প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একটি বিস্তৃত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তুরস্কের পক্ষে স্বাক্ষর করেন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক।

এ অংশীদারিত্ব দুই ভ্রাতৃপ্রতিম দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুব উন্নয়ন, পেশাদার ক্রীড়া বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (১২ মে) এই চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে বহুমাত্রিক সহযোগিতার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুই দেশই বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও অর্থায়ন বিষয়ে সেরা চর্চা বিনিময়ের লক্ষ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পারস্পরিক সফরের বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা ও অর্থায়ন সংক্রান্ত কারিগরি তথ্য ও প্রশিক্ষণ উপকরণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সামাজিক অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি হিসেবে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা ও সহায়তা কর্মসূচি উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও এই সমঝোতায় বিশেষভাবে উল্লেখ রয়েছে। একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে সততা, নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়েও দুই দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই সমঝোতা স্মারক বৈশ্বিক অঙ্গনে ক্রীড়াবিদদের সাফল্য বাড়াতে সহায়ক হবে এবং ক্রীড়ার সর্বজনীন ভাষার মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও গভীর করবে।

কালের আলো/আরডি/এমডিএইচ