খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। 

আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে বাংলাদেশ সময় রাত ২টায় স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ।

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

ক্রীড়া, সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সম্ভাব্য ২৬ সদস্যের দল।

বিশ্লেষকদের মতে, আক্রমণভাগে বিকল্পের অভাব নেই ব্রাজিলের। তবে মিডফিল্ডকে তুলনামূলক দুর্বল ধরা হয়েছে। আবার ফুল–ব্যাক পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য নাম হিসেবে উঠে এসেছে ওয়েসলি। রক্ষণভাগে নির্দিষ্ট জুটির ওপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন বিশেষজ্ঞরা।

গোলরক্ষকদের মধ্যে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে আলিসন বেকার ও এডারসনকে। তৃতীয় গোলরক্ষক হিসেবে লড়াইয়ে আছেন বেন্তো। এ ছাড়া চূড়ান্ত দলে চমক হিসেবে জায়গা পেতে পারেন নেইমার, থিয়াগো সিলভা, পেদ্রো ও গোলরক্ষক হুগো সুজা।

গ্লোবোর বিশ্লেষকদের চোখে সম্ভাব্য ব্রাজিল দল

গোলরক্ষক :আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এডারসন (ফেনারবাচে)।

ফুল–ব্যাক :অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত)।

ডিফেন্ডার :গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ব্রেমার (ইউভেন্টাস), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ইবানিয়েজ (আল আহলি)।

মিডফিল্ডার :কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), দানিলো (বোটাফোগো), ফাবিনিও (আল ইতিহাদ), পাকেতা (ফ্ল্যামেঙ্গো), আন্দ্রে সান্তোস (চেলসি)।

ফরোয়ার্ড :ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মাতেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা), লুইস এনরিকে (জেনিত), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), জোয়াও পেদ্রো (চেলসি), এন্দ্রিক (লিওঁ) ও রায়ান (বোর্নমাউথ)।

কালের আলো/এসআইপি

ফের কমল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ফের কমল জেট ফুয়েলের দাম

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৭ জুন) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এ ছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ নির্ধারণ করা হয়।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দর।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহীতে নন্দিনী ঘোষ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

রোববার (৭ জুন) বেলা পৌনে ১টার দিকে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবহারিক খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাতে ও পিঠে জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। হামলাকারী তরুণ নন্দিনীর এক বান্ধবীর স্বামী বলে জানা গেছে। হামলার পর সে পালিয়ে যায়। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। আহত শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলাও সম্ভব হয়নি।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি তিনি প্রথমে পুলিশ সূত্রে জানতে পারেন। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু জানা নেই।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি