খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

নেইমারকে দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
নেইমারকে দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসবকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই শক্তিশালী দল ঘোষণা করেন। যে স্কোয়াডে সবচেয়ে কাঙ্খিত নাম নেইমার।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে না নেইমারের। ৫৫ জনের প্রাথমিক তালিকায় নাম উঠলেও চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তির অনিশ্চয়তা কাটছিল না। অবশেষে ভক্তদের সেই শঙ্কা কেটেছে। দল ঘোষণার পরই নেইমারকে নেওয়ার কারণ জানিয়েছেন কোচ আনচেলত্তি।

নেইমারকে তার ফিটনেসের উন্নতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে নেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিল কোচ। তিনি বলেন ‘আমরা নেইমারকে পুরো বছরের হিসাবে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল।

(বিশ্বকাপে) অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে, তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’

৩৪ বছর বয়সী এই ব্রাজিল ফরোয়ার্ড দেশটির ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচের সর্বোচ্চ গোলদাতা (৭৯)। যদিও ২০২৩ সালে ইনজুরিতে ছিটকে পড়ার পর ছোট ছোট আরও কিছু চোট বারবার তাকে মাঠ থেকে ছিটকে দিয়েছে। সে কারণে তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকে প্রধান শর্ত বলে এতদিন উল্লেখ করে আসছিলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে নেইমারকে চোটের অস্বস্তিতে থাকতে দেখা গেছে। অবশ্য ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচও তার ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রেখে দিয়েছেন।

ফলে দলে থাকলেও নেইমারের একাদশে থাকা যে নিশ্চিত নয় সেটাই স্পষ্ট জানালেন আনচেলত্তি, ‘তিনি এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রেখে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগপর্যন্ত শারীরিক অবস্থার আরও উন্নতি করতে পারেন। তবে তার অভিজ্ঞতা, দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে এবং এটি সাহায্য করবে পুরো দলকে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই– যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। শুরুর একাদশ নিয়ে আমার ধারণা আছে, তবে আমি অনুশীলন দেখতে চাই, যদি খেলোয়াড়রা প্রস্তুত থাকেন। নেইমারেরও একই ভূমিকা থাকবে।’

‘আমার মতে শুধু একজন খেলোয়াড়ের ওপর প্রত্যাশা আটকে রাখা গুরুত্বপূর্ণ কিছু নয়। দলগতভাবে পারফর্ম করা আমাদের দায়িত্ব। বিশ্বকাপ জয়ের জন্য সবারই অবদান রাখতে হবে। আমি তারকা চাই না। আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমারকে কেবল রিজার্ভ ফুটবলার হিসেবে নেওয়া হয়নি, তিনি দলের মান বাড়িয়ে তুলবেন, এমনকি যদি এক মিনিটের জন্যও খেলেন। আমরা এমন ফুটবলারদের ডেকেছি যারা উপযুক্ত দলকে এগিয়ে নেবে। ঠিক কতটা সময় ধরে?

এখনই স্কোয়াড গড়া নিয়ে কাঁটাছেড়া করতে নিষেধ করলেন আনচেলত্তি, ‘এটা হয়তো নিখুঁত দল হয়নি। কিন্তু এটি হবে সহনশীল, একাগ্র, বিনয়ী ও নিঃস্বার্থ। বিষয়টি সমষ্টিগত, ব্যক্তিগত নয়।’

কালের আলো/আরডি/এমডিএইচ

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি