খুঁজুন
                               
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সড়কে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১:০২ অপরাহ্ণ
সড়কে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব

Oplus_131072

রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রযুক্তি-নির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ট্রাফিক ক্যামেরা স্থাপনের ফলে চালক ও যাত্রীদের মধ্যে স্বপ্রণোদিত হয়ে আইন মানার ইতিবাচক প্রবণতা তৈরি হচ্ছে।

ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় এবং ব্যস্ত সড়কগুলোতে এআই-ভিত্তিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো ট্রাফিক সিগন্যাল অমান্য করা, স্টপ-লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, বেআইনিভাবে লেন পরিবর্তন, জেব্রা ক্রসিং দখল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠা-নামা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিটবেল্ট না বাঁধা এবং অননুমোদিত ভিআইপি লাইটের ব্যবহার প্রভৃতি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম।

ডিএমপির মুখপাত্র ও উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ১২০টি এআই-চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বর্তমানে ২০টিরও বেশি ক্যামেরা পুরোপুরি সচল রয়েছে।

তিনি বলেন, ঢাকার ২০টিরও বেশি প্রধান পয়েন্টে বর্তমানে এআই ক্যামেরা কাজ করছে, যা ট্রাফিক মনিটরিং এবং আইন প্রয়োগের প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরকে এআই নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে ডিএমপির।

মুখপাত্র আরও বলেন, গত সোমবার পর্যন্ত এআই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে মোট ৫০২টি মামলা দায়ের করা হয়েছে।

এই উদ্যোগের প্রভাব সম্পর্কে নাসিরুদ্দিন বলেন, এ উদ্যোগে জনগণের সাড়া উৎসাহব্যঞ্জক। এটি জনমনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। অনেক চালক ও যাত্রী এখন স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক আইন মেনে চলছেন।

তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং শহরের সড়কে যানজট কমাতেও সহায়তা করছে।

তবে ডিএমপির এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ঢাকার ট্রাফিক পরিস্থিতির টেকসই উন্নতির জন্য আরও ব্যাপক কাঠামোগত সংস্কার প্রয়োজন। এর মধ্যে রয়েছে: সড়ক অবকাঠামোর সম্প্রসারণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, রাস্তার মাঝখানে বাসযাত্রী ওঠানামা বন্ধ এবং একই রুটে বাস, ট্রাক, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ইজি বাইকের মতো ভিন্ন গতির যানবাহন একসঙ্গে চলাচল কমানো।

জানা যায়, যেসব মোড়ে এআই ক্যামেরা বসানো হয়েছে, সেখানে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে চালকদের আচরণে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে।

বিজয় সরণি মোড়ে দেখা যায়, সিগন্যাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি স্টপ-লাইনের পেছনে থেমে যাচ্ছে এবং কোনো গাড়ি জেব্রা ক্রসিং দখল করে রাখছে না।

কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের মোড়েও একই ধরনের পরিবর্তন দেখা গেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, চালকরা এখন স্বয়ংক্রিয় মামলার ভয়ে কঠোরভাবে সিগন্যাল মানছেন।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ক্যামেরার নজরদারিতে চালকরা আর সিগন্যাল অমান্য করার সাহস পাচ্ছেন না। কেউ লাইন পার হচ্ছে না। বেশিরভাগ চালকই সিগন্যাল মেনে চলছেন। আমরা শুধু দাঁড়িয়ে আছি এবং লাইটের সংকেত অনুযায়ী গাড়ি থামানো বা ছাড়ার ইশারা দিচ্ছি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এআই-চালিত এই পিটিজেড (প্যান-টিল্ট-জুম) ক্যামেরাগুলো ৩৬০ ডিগ্রিতে ঘুরতে পারে, দূর থেকে যানবাহনের ওপর জুম করতে পারে এবং স্পষ্টাক্ষরে গাড়ির নম্বর প্লেটও শনাক্ত করতে সক্ষম।

সিস্টেমটি এমন সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত, যা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারের সঙ্গে যুক্ত। ফলে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিক শনাক্ত করা সম্ভব হচ্ছে।

ডিএমপির ট্রাফিক টেকনিক্যাল ইউনিট (টিটিইউ) জানিয়েছে, বর্তমানে ক্যামেরাগুলো ৬টি ‘লজিক’ ব্যবহার করে বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্ত করছে এবং সংশ্লিষ্ট ছবি ও ভিডিও ফুটেজ ডিএমপি সার্ভারে সংরক্ষণ হচ্ছে। পরবর্তীতে টিটিইউ কর্মকর্তারা সেই ফুটেজগুলো পর্যালোচনা করেন এবং ‘ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার’-এর মাধ্যমে ডিজিটাল মামলা দায়ের করেন।

কর্মকর্তারা জানান, এ ব্যবস্থা এখনও নতুন হওয়ায় ট্রাফিক পুলিশ বর্তমানে ছোটখাটো আইন লঙ্ঘনকে কিছুটা শিথিল দৃষ্টিতে দেখছে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা  বলেন, আইন লঙ্ঘনের কারণে যানজট সৃষ্টি হচ্ছে কি না কিংবা স্বাভাবিক যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে কি না— মামলা করার ক্ষেত্রে আমরা বর্তমানে এই বিষয়গুলো বিবেচনায় নিচ্ছি।

বর্তমানে পুলিশ ডাকযোগে মামলা নোটিশ পাঠাচ্ছে। তবে কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে এসএমএস ও অ্যাপভিত্তিক নোটিফিকেশন চালু করার পরিকল্পনা করছে। চালকরা তাদের আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজ সরাসরি দেখার জন্য লিঙ্কও পাবেন। পুলিশ বলছে, এ পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।

গত ৭ মে পরীক্ষামূলকভাবে এআই-ভিত্তিক আইন প্রয়োগের উদ্যোগটি শুরু হয়। এর আগে ২৯ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির ডিএমপি সদর দপ্তরে সফটওয়্যারটির উদ্বোধন করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, এআই নজরদারির এই সম্প্রসারণ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পুলিশিং ব্যবস্থাকে আধুনিকায়ন করার দেশব্যাপী বৃহত্তর উদ্যোগের অংশ। এর লক্ষ্য হলো নগর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সেবা প্রদান ব্যবস্থা উন্নত করা।

কর্তৃপক্ষ জানায়, এআই প্রযুক্তি এখন স্মার্ট সিসিটিভি সিস্টেমেও ব্যবহার করা হচ্ছে, যা সন্দেহজনক ঘোরাঘুরি, পরিত্যক্ত বস্তু, অস্ত্র, সহিংস আচরণ এবং সম্ভাব্য হুমকি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম।

কর্মকর্তারা আরও জানান, সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, ডিপফেক-সংক্রান্ত অপরাধ এবং অপপ্রচার মোকাবিলায় বাংলাদেশ ক্রমশ এআই টুলস-এর ব্যবহার বৃদ্ধি করছে।

সূত্র: বাসস

কালের আলো/এসএকে

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়ের শঙ্কা

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়। এসময় এসব অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে  আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর এমপি রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা প্রশ্ন করেছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখিয়া ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি করিয়া অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করিবেন কিনা?

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্বের বছরের ন্যায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কালের আলো/এসএকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ২ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? সেদিন ফ্রান্স ও ইতালি মুখোমুখি হয়েছিল। ১-১ গোলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়েও স্কোর পাল্টায়নি। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ‘আলোচিত’ কাণ্ড ঘটিয়ে ফেলেন জিনেদিন জিদান।

ফ্রান্সের অধিনায়ক প্রতিপক্ষ খেলোয়াড় মার্কো মাতেরাজ্জির উসকানিমূলক মন্তব্যে মেজাজ হারিয়ে তাকে ঢুস মারেন। ১১০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিদান। বাকি ১০ মিনিট তো বটেই, তার শূন্যতা টাইব্রেকারে ভালোভাবে টের পেয়েছিল ফ্রান্স। পেনাল্টি শুটআউটে হেরে হতাশায় ভাসে তারা।

যে মাথা দিয়ে গুঁতো মেরে জিদানে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারিয়েছিলেন, সেই মাথার নৈপুণ্যে ১৯৯৮ সালে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্সকে প্রথম শিরোপা জেতান জিজু!

বিশ্বকাপ ফাইনালে হেড করে দুটি গোল করা একমাত্র খেলোয়াড় জিদান। প্রথমার্ধে কর্নার থেকে দুইবার জাল কাঁপান তিনি হেডারে। দুই প্রান্ত থেকে কর্নার কিক নিয়েছিলেন এমানুয়েল পেতিত ও ইউরি জোর্কায়েফ। ৩-০ গোলে ম্যাচটি জেতে ফরাসিরা।

স্তাদে দে ফ্রান্সে ২০ মিনিটের ব্যবধানে হেডে একাধিক গোল করেন জিদান, যা পরের তিনটি বিশ্বকাপে দলটির হেড গোলের চেয়ে বেশি। জিজুর পর পরের তিন আসরে কেবল প্যাট্রিক ভিয়েইরা হেড থেকে একমাত্র গোল করেন, ২০০৬ সালে স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে।

পায়ের ক্ষিপ্রতার কারণে বিশেষভাবে সুপরিচিত জিদান। কিন্তু হেড থেকেও গোল করতে পারদর্শী। হেড থেকে চেক রিপাবলিক, মাল্টা ও সুইজারল্যান্ডের বিপক্ষেও তিনি গোল করেছিলেন। ২০০৬ সালের ফাইনালে গিগি বুফন তার একটা দুর্দান্ত হেড ঠেকিয়ে স্বস্তি ফেরান।

জিদান ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে একাধিক হেড গোল করেছেন পেলে, যদিও দুটি ভিন্ন আসরে: ১৯৫৮ সালে সুইডেন ও ১৯৭০ সালে ইতালির বিপক্ষে। কিন্তু এক ফাইনালে দুটি হেড গোলের কীর্তি কেবলই জিদানের।

কালের আলো/এএইচ/এমএসআইপি