খুঁজুন
                               
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩
           

পুরান ঢাকায় ৪ কঙ্কাল উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
পুরান ঢাকায় ৪ কঙ্কাল উদ্ধার

‎রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ কঙ্কালগুলো উদ্ধার করা হয়।

‎বৃহস্পতিবার (২১ মে) কায়েতটুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমুদ্দিন রোড এলাকা থেকে শামীমকে দুইটি মানুষের কঙ্কালসহ গ্রেফতারের পর গত দুইদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ২টিসহ মোট চারটি কঙ্কাল উদ্ধার করে।

‎গ্রেফতারকৃত মো. শামীম আহমেদ বংশালের লালপুর নয়াবাজার এলাকায় বসবাস করতেন।

‎পুলিশ জানায়, পুরান ঢাকার আরমানিটোলা ও নাজিমুদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে চারটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানুষের কঙ্কাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলাস্থ তার বাসা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও দুইটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শামীম আগে মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে তিনি কঙ্কালের ব্যবসা শুরু করেন বলে তথ্য পাওয়া গেছে।

‎বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কঙ্কাল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া কঙ্কালগুলোর উৎস এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

কালের আলো/এসআর/এএএন

জেএফএ নারী ফুটবলের ফাইনালে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
জেএফএ নারী ফুটবলের ফাইনালে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চাঁপাইনবাবগঞ্জ

জেএফএ অনূর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী ও গতবারের চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। আগামী মঙ্গলবার বিকেল চারটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দল দু’টি একে অপরের মুখোমুখি হবে।

রোববার (২১জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের  ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে  ফাইনালে উন্নীত হয়।

বিজয়ী দলের পক্ষে আফরিন ও রুববান ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রিমি ১টি গোল পরিশোধ করেন।

ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন মাহফুজা রাহাত। তাকে সহযোগিতা করেন সুমাইয়া আফরিন শাহীন, তানিয়া ও শামিমা সরেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসউদকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসউদকে স্পিকার

সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চান নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’

রোববার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর বক্তব্য শেষ না হতেই সংসদে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন হান্নান মাসউদ। তখন স্পিকার এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসুদের উদ্দেশে বলেন, ‘হান্নান মাসউদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্ম। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন।’

স্পিকার হান্নান মাসউদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। সংসদে দাঁড়িয়ে তিনি স্পিকারকে বারবার বলেন কথা বলতে দেওয়ার জন্য।

এরপর স্পিকার বলেন, ‘হান্নান মাসউদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।’

পরে হান্নান মাসউদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন।

এরপর ফ্লোর নিয়ে কথা বলেন সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কালের আলো/এসআর/এএএন

সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
সাড়ে ৪ লাখের বেশি শূন্য পদে নিয়োগ দেবে সরকার

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে বর্তমানে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য রয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী এই চিত্র সামনে এসেছে। সরকারের এই বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে ইতোমধ্যেই স্বল্প ও দীর্ঘমেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি অফিসগুলোতে বর্তমানে সর্বমোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি, যা ১ম থেকে ৯ম গ্রেডের আওতাভুক্ত। দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ ১০ম থেকে ১২তম গ্রেডে শূন্য পদ রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণিতে, যার পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং এগুলো ১৩তম থেকে ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। এছাড়া চতুর্থ শ্রেণিতে অর্থাৎ ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এর বাইরে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে।

আব্দুল বারী আরও জানান, এই বিশালসংখ্যক শূন্য পদ পূরণের জন্য সরকার ইতোমধ্যেই ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। পাশাপাশি আগামী ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’-এর লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এসএকে