খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

আর মাত্র একদিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান লিখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা স্মরণ করিয়ে দিয়ে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। এ শুভক্ষণে তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।

তিনি আরও লিখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইসলামের এই উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে মুসলিম উম্মাহর কাছে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

তিনি ঈদুল আজহায় আল্লাহর দরবারে দোয়া করেন, সবার ত্যাগ কবুল হওয়ার পাশাপাশি দেশ ও বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক।

তারেক রহমান বলেন, এই পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর হোক। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর রহমত ও বরকতে জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

কালের আলো/এসআর/এএএন

ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক ও সংবাদপত্র শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি ধাপে তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সত্য যাচাইয়ের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বার্তায় তিনি বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এর দূরদর্শী নেতৃত্ব, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আধুনিক রাষ্ট্রচিন্তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাদের অবদান দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সত্য, ন্যায় ও মানবিকতার পথে অবিচল থাকতে পারি, তবে একটি উন্নত, সমৃদ্ধ ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার জীবনে বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

কালের আলো/এম/এএইচ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ নগরীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ট্রেনের ছাদ থেকে তিনজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

নিহত মুসা গাজীপুর জেলার উত্তর সালনা এলাকার কোরবান আলীর ছেলে।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। শামীমকে হাসপাতালের ১৪ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সূত্র জানায়, জামালপুরে নিহত মুসার ভাইয়ের একটি মুরগির খামার আছে। সেখানে ভাইয়ের খামারের কাজে সহায়তা করতে যাচ্ছিলেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ১৬ স্থানে খাদ্য বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ১৬ স্থানে খাদ্য বিতরণ করবে বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ