খুঁজুন
                               
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ়, ১৪৩৩
           

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল।

বাংলাদেশ সাফের আসরে টানা দুই বার চ্যাম্পিয়ন।তাই বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে, এমনটা অনুমেয় থাকলেও বাস্তবে তিন পয়েন্ট পেতেই তাদের ঘাম ঝরাতে হয়েছে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

মালদ্বীপ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দল এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট করে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

৩১ মে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণী। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে।

ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে বাংলাদেশ লিড নেয়। ৩৪ মিনিটে উমহেলার গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বের কারণে প্রথমার্ধে এক গোল হজম করে তারা।

বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা আগুয়ান গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

৫৭ মিনিটে ডিফেন্সকে আরেকবার পরাস্ত করে মালদ্বীপ ফরোয়ার্ড। ফাজলার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি গ্রিপে নিতে পারেননি।

ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ আবার লিড নেয়। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভি আকন্দ প্রীতি বল জালে জড়ান।

মালদ্বীপ নারী ফুটবলে তেমন অগ্রসর নয়। তবে আজ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। বেশ কয়েকবার বাংলাদেশের দুর্গে হানা দিয়েছে।

ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার কয়েকটি শট করলেও গোল হয়নি। ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে বাংলাদেশ হাঁফ ছেড়ে বাঁচে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

ধর্ষণের শিকার ৪১৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
ধর্ষণের শিকার ৪১৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডিএনএ প্রোফাইলিং কার্যক্রমে বড় সাফল্য এসেছে। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং দেশের সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি থেকে এ পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এক প্রশ্নের জবাবে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী সংসদে জানান, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন জোরালো পদক্ষেপ গ্রহণ করে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে চলেছে। এর আগে সরকার দলীয় সংসদ সদস্য সেলিমা রহমান দেশে দীর্ঘদিন যাবৎ চলে আসা শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা তা জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬ সংসদের ১ম অধিবেশনে পাস করা হয়েছে এবং এখন থেকে শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধসমূহের বিচার এই নতুন আইন অনুযায়ী পরিচালিত হবে। অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪-এর বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা করা বাধ্যতামূলক। এ ছাড়া ২০২৫ সালের বিশেষ সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে অধিকতর গতিশীল ও দ্রুততর করা হয়েছে, যেখানে অভিযোগ গঠনের পর একটি নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার কঠোর বিধান সংযোজন করা হয়েছে।

নারী ও শিশুর সার্বিক সুরক্ষার নিমিত্তে সরকারের বিভিন্ন আইন, বিধিমালা, নীতিমালা এবং কর্মপরিকল্পনা প্রণয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় নারী নীতি ২০১১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন ২০১৪ ও বিধিমালা ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সেবা প্রদানের পরিধি বাড়াতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা ১৪টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের চিকিৎসা, আইনী সহায়তা, পুলিশী ও মনোসামাজিক কাউন্সিলিং, পুনর্বাসন, সামাজিক পুনঃএকত্রিকরণ এবং আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার আওতায় ইতোমধ্যে ৮২ হাজার ৬৭৮ জন সেবা পেয়েছেন।

এ ছাড়া জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যায়ক্রমে স্থাপিত ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক ২৪ ঘণ্টা সেবা প্রদানকারী ন্যাশনাল হেল্পলাইন সেন্টার-১০৯ (টোল ফ্রি)-এর মাধ্যমে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নারী ও শিশুকে বিভিন্ন ধরনের জরুরি সেবা দেওয়া সম্ভব হয়েছে।

আক্রান্তদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং ৩৭টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে সেবার আওতা বাড়ানো হচ্ছে। বর্তমানে ন্যাশনাল ও ৮টি রিজিওনাল সেন্টার থেকে মোট ৩৮ হাজার ৬১ জন নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে, যেখানে সারভাইভারদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে তথ্য, আইনী পরামর্শ, উদ্ধার ও বাল্যবিবাহ বন্ধসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় থেকে শুরু করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং সরকারি হেল্পলাইনের সময়োচিত হস্তক্ষেপে মোট ১৮ হাজার ৮২৪টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও জানান, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়নের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ রহিত করে পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তির সুরক্ষা আরও সুসংহত করতে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়নের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে।

কালের আলো/এসআর/এএএন

আমেরিকায় পা রাখল ইরান, কোচ বললেন, ‘আমরা রাজনীতির লোক নই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
আমেরিকায় পা রাখল ইরান, কোচ বললেন, ‘আমরা রাজনীতির লোক নই’

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আমেরিকায় পা রাখল ইরানের ফুটবল দল। রোববার দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার দিনে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্রে ইরানের সবগুলো ম্যাচ হলেও তারা বেস ক্যাম্প গড়েছে মেক্সিকোর তিজুয়ানায়। আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তাদেরকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেক্সিকোতে বসবাসরত ইরানিরা।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইরান।

নানা শর্ত আর বাধাবিপত্তি ভেদ করে বিশ্বকাপ খেলতে নামছে টিম মেলিরা। ইতোমধ্যে ইরানি দর্শকদের টিকিট বাতিল করে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মাঠের বাইরের সব ঘটনাকে ছাপিয়ে শুধু ম্যাচের দিকে মনোযোগ দলের।

স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে ইরান কোচ আমির ঘালেনোয়ি বলেন, ‘মহান, গর্বিত ও শক্তিশালী ইরানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি আশা করি ফুটবল আনন্দ ও উপভোগ্য সময় বয়ে আনবে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে কাছাকাছি আনবে।’

লস অ্যাঞ্জেলস শহরেই সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠী বসবাস করে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, টিম মেলির প্রথম ম্যাচ সামনে রেখে পাশের শহর ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার ইরানি বিক্ষোভ করবে। এনিয়ে ইরানি কোচ বললেন, ‘আমি আপনাদের জানাতে চাই আমরা এখানে ফুটবল খেলতে এসেছি।

এবং ইরানের সম্মানিত জনগণের প্রতিনিধিত্ব করতেই এখানে আসা, সেটা হোক ইরানের অভ্যন্তরে থাকা ইরানি কিংবা প্রবাসী ইরানি। আমরা কেবল আমাদের দেশ সম্পর্কে ভাবি। আমরা রাজনীতির লোক নই। ইরানিয়ান জাতি হিসেবে আমরা প্রত্যেক ইরানিয়ানকে সম্মান করি।’

অধিনায়ক মেহদী তারেমিও একই সুরে কথা বলেছেন, ‘আমরা সব ইরানিয়ানকে সম্মান করি, সেটা হোক দেশের ভেতরের কিংবা দেশের বাইরের। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ফুটবল সবসময় সব পক্ষকে এক করতে পারে।

আমাদের জনগণকে, ইরানের ভেতরের কিংবা বাইরের, সবাইকে আমরা ভালোবাসি। বহু বছর ধরে সভ্য দেশ ইরান ঐক্যবদ্ধ জাতি। আমরা সেই একতা দেখাতে চাই। আমরা বিশ্বকাপে এসেছি ইরানিয়ানদের আনন্দ দিতে, তারা যেখানকার হোক না কেন।’

কালের আলো/এসকে/এমএসআইপি 

রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার সোহান উদ্দিন (২০) নগরীর কাটাখালী থানার সুচরণ (মীরপাড়া) গ্রামের বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রোববার (১৪ জুন)রাত ৯টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি