খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

নেদারল্যান্ডসে তরুণদের সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরলেন অধ্যাপক ইউনূস

কালের আলো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
নেদারল্যান্ডসে তরুণদের সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরলেন অধ্যাপক ইউনূস

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার (১ জুন) আমস্টারডামে আয়োজিত ডাচ পোস্টকোড লটারির প্রধান বার্ষিক অনুষ্ঠানে ৮৫০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

আশা ও পরিবর্তনের তাগিদ নিয়ে অধ্যাপক ইউনূস তিন শূন্যের পৃথিবীর তাঁর স্বপ্ন তুলে ধরেন—এমন একটি পৃথিবী যেখানে সম্পদের কেন্দ্রীকরণ রোধ করে দারিদ্র্য সম্পূর্ণরূপে দূর করা হবে, চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে এবং জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গড় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা হবে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, যেন তারাই সেই প্রজন্ম হয়ে ওঠে যারা এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের তরুণদের অসাধারণ সাহসিকতার কথা উল্লেখ করেন। বিশেষ করে তিনি সম্মুখসারিতে থাকা নারীদের সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, নারীরাই এই আন্দোলনের সম্মুখসারিতে ছিলেন এবং গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ডাচ পোস্টকোড লটারির এই আয়োজনে দাতব্য সংস্থাগুলোর অংশীদার, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা অংশ নেন। অনুষ্ঠানে পোস্টকোড লটারির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক প্রভাব উদযাপন করা হয় এবং বিভিন্ন খাতের অংশীজনদের মধ্যে অর্থবহ সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় ‘ইয়াং প্রফেশনালস নেটওয়ার্কিং সেশন’-এর মাধ্যমে। এতে জেনারেশন জি-এর পক্ষ থেকে মূল বক্তব্য দেন নেদারল্যান্ডসের তরুণ অধিকারকর্মী, নাগরিক অংশগ্রহণ ও প্রজন্মগত ন্যায্যতার পক্ষে সক্রিয় কণ্ঠস্বর জাহকিনি বিসেলিঙ্ক। সেশনের শেষ পর্যায়ে অধ্যাপক ইউনূস মঞ্চে উপস্থিত হয়ে সম্মেলনে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অধ্যাপক ইউনূস তরুণ পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন এবং প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার জন্য বাস্তবধর্মী প্রস্তাবনা তৈরিতে জোর দেন।

মূল পর্বে ডাচ পোস্টকোড লটারির পরিচালক সিগরিড ভ্যান আকেন এবং চেয়ারম্যান ইয়োনে আর্নল্ডুসেন বক্তব্য দেন। পরে বিভিন্ন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাজানো এই আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।

৮৫০ জনের বেশি আন্তর্জাতিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই আয়োজনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল মঞ্চে অধ্যাপক ইউনূসের সঙ্গে এক বিশেষ আলাপচারিতা। আলোচনাটি সঞ্চালনা করেন নেদারল্যান্ডসের সাবেক জাতিসংঘ তরুণ প্রতিনিধি হাযার ইয়াকুবি।

দুই বছরের দায়িত্ব পালনকালে হাযার ইয়াকুবি মানবাধিকার, নিরাপত্তা ও জলবায়ু সংকট বিষয়ে তরুণদের মতামত সংগ্রহ করেন এবং সেই অভিজ্ঞতাকে জাতিসংঘে প্রদত্ত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনপ্রণেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় তুলে ধরেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি প্রাণবন্ত ও গভীর আলোচনা করেন, যেখানে অধ্যাপক ইউনূস কাঠামোগত পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন এবং বলেন, ‘তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ শুধু কাম্য নয়, বরং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য অপরিহার্য।’

অনুষ্ঠানটি একটি নেটওয়ার্কিং রিসেপশনের মাধ্যমে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে পরষ্পরের সঙ্গে যোগাযোগ করেন। সামাজিক উদ্ভাবন ও পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে আলোচনার জন্য Circa Amsterdam-এর আইকনিক জিওডেসিক ডোম একটি উপযুক্ত প্রেক্ষাপট হিসেবে কাজ করে, যা এর টেকসই নকশা ও শক্তি-সাশ্রয়ী ব্যবস্থার জন্য সুপরিচিত।

ডাচ পোস্টকোড লটারি নেদারল্যান্ডসের অন্যতম শীর্ষস্থানীয় ফান্ডরেইজিং লটারি, যা সমাজ, পরিবেশ এবং মানবিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিস্তৃত দাতব্য সংস্থাগুলোতে এর আয় থেকে অর্থায়ন করে।  “দ্যা পাওয়ার অব পোস্টকোডস” হলো এর বার্ষিক আয়োজন, যেখানে অংশীদার, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একত্র করে সম্মিলিত প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ হয়। -বিজ্ঞপ্তি

কালের আলো/এএএন

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি