খুঁজুন
                               
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩
           

গরমে নাভিশ্বাস জীবন

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
গরমে নাভিশ্বাস জীবন

রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা।  মানুষের চলাচল বেশ কম। যাঁরা বাধ্য হয়ে বের হয়েছেন, তাঁরা টের পেয়েছেন গরমে নাভিশ্বাস ওঠা কাকে বলে। ঘরের ভেতরও গুমোট অবস্থা। এর মধ্যে বিদ্যুৎ গেলে তো কথাই নেই, একেবারে সেদ্ধ হওয়ার দশা। একই অবস্থা সারা দেশেই। বিশেষ করে সারা দেশে দিনভর বিদ্যুতের আসা যাওয়ায় ত্রাহি অবস্থা জনজীবনের।

বুধবার (৩ জুন) ঢাকাসহ দেশের অন্তত ৪৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ বৃহস্পতিবারও (৪ জুন) অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এমন তথ্যই জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী জেলাও তাপপ্রবাহের আওতায় রয়েছে।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে দিনমজুর, রিকশাচালকরা রোজগারের তাগিদে পথে নামলেও ভয়ংকর রোদে কাহিল হয়ে পড়ছেন। হাসপাতালে বেড়েছে রোগী। হাঁসফাঁস করছে অন্য প্রাণিকুলও। ঘরের মধ্যে ফ্যান চললে মনে হয় আগুনের হল্কা। আবার ঘরের বাইরে বের হলেই যেন আগুনের ঝাপটা।  বিশেষ করে অল্প সময়ের মধ্যে শরীর ঘামে ভিজে যাচ্ছে। মনে হয় কোথা থেকে যেন আগুনের হল্কা বের হচ্ছে। আবার এই ভ্যাপসা গরম থেকে কোনো এসি ঘরে প্রবেশ করলে কিংবা ফ্যানের বাতাস গায়ে লাগলে বেশ কিছুটা প্রশান্তি এনে দেয়। কিন্তু এই ঠান্ডা-গরমে অনেকেই এখন কাশিতে আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে এখন সর্দি-কাশি দেখা যাচ্ছে। আবার শরীরে জ্বরও আসে।

এই ভ্যাপসা গরমে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফলের জুস। আবার আখের রস। এ ছাড়া ফুটপাতের মানহীন বরফমিশ্রিত লেবুর শরবত বিক্রি বেড়েছে। এই ভ্যাপসা গরমে জমজমাট ব্যবসা হচ্ছে বিভিন্ন ধরনের পাতলা গেঞ্জির। যা অনায়াসে বিক্রি হতে দেখা যাচ্ছে ফুটপাথের বিভিন্ন ভ্যানে। গরমের সুযোগে অনেক বেশি দাম হাঁকছেন বিক্রেতারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও দুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও তাৎক্ষণিকভাবে গরম পুরোপুরি কমার সম্ভাবনা নেই। এদিকে, গত সোমবার আবহাওয়া অধিদপ্তর জুন মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে একাধিক লঘুচাপের সম্ভাবনা আছে। সেগুলোর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সাধারণত দেশে জুন মাসে গড় বৃষ্টিপাত হয় ৪৫৯ মিলিমিটার। এটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। দেশে সবচেয়ে বেশি ৫২৩ মিলিমিটার গত বৃষ্টি হয় জুলাইয়ে।

চলতি বছর এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিলকে দেশের সবচেয়ে গরমের মাস ধরা হয়। মাসটিতে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা খুব অস্বাভাবিক। এপ্রিলের বৃষ্টিতে বিশেষত হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশে তীব্র গরমের কারণে প্রতি বছর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর্থিক দিক থেকেও এই ক্ষতির পরিমাণ বিশাল। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতায় শুধু ২০২৪ সালেই প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশ। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটিরও বেশি।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, যখন তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন কর্মীদের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। গরম বেড়ে যাওয়া বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণাটিতে ১৯৭৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বিশ্লেষণ করা হয়েছে। এর পাশাপাশি ২০২৪ সালে ১৬ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত দুই ধাপের একটি জরিপের তথ্যও ব্যবহার করা হয়েছে।

এতে দেখা যায়, ১৯৮০ সাল থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং ‘অনুভূত তাপমাত্রা’ (ফিলস লাইক টেম্পারেচার) ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসযন্ত্রের রোগ এবং ক্লান্তির মতো স্বাস্থ্য সমস্যা বেড়েছে। তাপপ্রবাহের কারণে বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যাও তৈরি হয়েছে।

কালের আলো/এমএএএমকে

আসন্ন হজ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
আসন্ন হজ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের নতুন সতর্কবার্তা

অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এক চিঠিতে এ সতর্ক করা হয়েছে।

চিঠিতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে- অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি বা এজেন্ট বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং তাদের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্ট বা গ্রুপ বা কাফেলার সাথে হজ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার জন্য সব চিঠিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইড লাইন শিগগিরই ঘোষণা করা হবে উল্লেখ করে প্রকাশিত হজ প্যাকেজ ও গাইড লাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি। মোট ১৭২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৯ হাজার ২৯৯ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে আরও ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৯ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৬০ হাজার ২৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যার মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

কালের আলো/এসএকে

মন্ত্রী পদমর্যাদা পেলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
মন্ত্রী পদমর্যাদা পেলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারক থেকে জানা গেছে এ তথ্য।

স্মারকে বলা হয়, অগ্রাধিকার সারণী (টেবিল অফ প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে অগ্রাধিকার সারণীতে (টেবিল অফ প্রেসিডেন্স) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে ভারতের সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাসের নাম উল্লেখ করা হয়েছে।

ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা ত্রিবেদী দুইববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন বাংলাদেশে পৌঁছান তিনি। বৃহস্পতিবার তিনি ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা রাখেন। সেতারবাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

কালের আলো/এসএকে