অবহেলায় মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব আনিসুর ওএসডি
রাজধানীর মিরপুরে সন্তানদের অবহেলায় নুরজাহান বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু ও লাশ পচে যাওয়ার ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আনিসুর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন বিকেলে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
গত রোববার (৩১ মে) জরুরি সেবার প্লাটফর্ম ৯৯৯–এ ফোনকল পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে পুলিশ নুরজাহানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মৃত্যুর অন্তত পাঁচ থেকে ছয় দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবনের শেষ সময়টুকু তিনি চরম অবহেলা ও অযত্নে কাটিয়েছেন।
পুলিশের ভাষ্যে, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। নুরজাহানের ছেলে আনিসুর রহমান যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
এই অবহেলার বিষয়টি সামনে আসার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই কর্মকর্তার (যুগ্ম সচিব) বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array