খুঁজুন
                               
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ়, ১৪৩৩
           

গাজীপুরে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
গাজীপুরে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলাধীন এমসি বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

জানা গেছে, কারখানাটিতে শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়ে আসছে। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন।

এসময় শ্রমিকরা বেতন চেয়ে কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশেই যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হন। (রাত ১২:২৭ মিনিট) শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।

সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম, মালেক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক বলেন, আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। আর মালিকপক্ষ আমাদের বেতন দিতে গেলেই তাদের কারখানায় লোকশান দেখায়। গত কয়েকদিন ধরে আমাদের বেতন দেবে বলে যাচ্ছে; এখনো খবর নেই। আমরা বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত আনুমানিক ১০ টা থেকে শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে সুরাহা করার চেষ্টা করছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, ২৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। তার আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক হবে তারেক রহমানের।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফর শেষে সেখান থেকে আগামী ২২ জুন বিকেলে রওনা দিয়ে সন্ধ্যায় ডালিয়ানে (চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী) পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরদিন ২৩ জুন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে এবং সামার দাভোসে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকারপ্রধান, যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, চীন সফরের প্রথম দিন বিকেলে ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন।
২৪ জুন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সামার দাভোসের ১৩তম বার্ষিক সভার মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারের এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। ওইদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেইজিংয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওউথাই স্টেট গেস্ট হাউসে থাকবেন।

২৫ জুন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সিপিসি সেন্ট্রাল কমিটি, বাণিজ্যমন্ত্রী, সিআইডিসিএর চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সঙ্গে আলাদাভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ নামে একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন।

বিকেলে চীনের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের সরকারপ্রধান। সেখানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিশদ আলোচনা হবে।

বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

পরদিন ২৬ জুন চেয়ারম্যান অব দ্য স্ট্যান্ডিং কমিটি অব ন্যাশনাল পিপলস কংগ্রেসের (স্পিকার সমমর্যাদার পদ) প্রধান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর ফাঁকে ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে সেখানকার বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

পররাষ্ট্র সচিব জানান, ওইদিন (২৬ জুন) বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন।

বেইজিং সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা এখন পর্যন্ত ২৮ জন জানিয়ে সচিব জানান, মোটামুটি প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করেছি।

আসাদ আলম সিয়াম বলেন, এই সফর ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’, যা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান, তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করি।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রশ্নে সচিব বলেন, এ ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সঙ্গে যোগাযোগ করছি। চীনের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে গড়ে তোলার কথা রয়েছে। সেটির কাজও হচ্ছে। সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সঙ্গে তাদের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। আমরা বলেছি, ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২-২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন।

কালের আলো/এসআর/এএএন

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে র‍্যাব-৭ এর একটি অভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলী আকবর (২৬) সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, সীতাকুণ্ড থানার র‍্যাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, উজান থেকে আসা পানিপ্রবাহ ও সমন্বিত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের একটি আলোচ্য বিষয় রয়েছে।

তিনি বলেন, আমি ধারণা করছি, সেই আলোচনা অনেক বিস্তৃত ও সম্প্রসারিত হবে। আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, সেখানে তিস্তার আলোচনা তো হবেই বলে আমরা ধারণা করছি।

এ ছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, চীনের প্রেসিডেন্টের ঘোষিত চারটি বৈশ্বিক উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, আমরা সফরের পরে বলতে পারব যে ঠিক কতটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা দিচ্ছি না। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি, এসব উদ্যোগকেই আমরা সাধুবাদ জানাই। বিশ্ব নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে নতুন চিন্তাভাবনা, সেটিকে আমরা প্রশংসনীয় বলে মনে করি।

আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালের আলো/এসআর/এএএন