খুঁজুন
                               
, ,
           

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে উপস্থিত সবার মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী।

আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ‘আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’

জবাবে পাশে বসে থাকা তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী হাস্যরসের সঙ্গে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়।

পরে প্রশ্নকারী বলেন, ‘উনি যেহেতু আপনার পাশে আছেন, তিনি যদি এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমরা সত্যিই আরও গর্বিত হব।’

এর আগে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণও করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

কালের আলো/এসএকে

নতুন গল্পে নতুন চরিত্রে আইশা খান

বিনোদন প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
নতুন গল্পে নতুন চরিত্রে আইশা খান

অভিনয়ে শুরু থেকেই চরিত্র নির্বাচনে সচেতন আইশা খান। গত কয়েক মাসে ছোট পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী। এবার ‘গুড নিউজ’ নামে একটি একক নাটকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নাটকটির গল্প লিখেছেন নিজামুদ্দিন রনি। পরিচালনায় রয়েছেন মুহাম্মদ মিফতা আনান। এতে আইশা খানের বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, নওশিন ইসলাম দিশা, পারভেজ সুমন, শহিদুন্নবী, এম এ সালাম ও নিশাত মনিসহ আরও অনেকে।

চেনা জীবনের গল্প ‘গুড নিউজ’
নাটকটি নিয়ে আইশা খান জানান, যে গল্প ও চরিত্র দর্শকের মনে ছাপ ফেলতে পারে বলে মনে হয়, অভিনয়ের জন্য সেগুলোই বেছে নেওয়ার চেষ্টা করেন তিনি। ‘গুড নিউজ’ তেমনই একটি ভিন্নধর্মী গল্পের নাটক, যেখানে চরিত্রগুলোর মধ্যে চেনা জীবনের নানা দিক খুঁজে পাওয়া যাবে।

অভিনেত্রীর প্রত্যাশা, গল্প ও চরিত্রের ভিন্নতা দর্শকের ভালো লাগবে। প্রচলিত ধারার বাইরে নতুন ধরনের চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে বৈচিত্র্য আনতে চান তিনি।

নতুন কাজ নিয়ে ব্যস্ততা
নাটকটি প্রকাশের পাশাপাশি আরও কয়েকটি ভিন্নধর্মী গল্প ও চরিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আইশা খান। প্রতিটি কাজে নতুন অভিজ্ঞতা অর্জন এবং অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

ছোট পর্দায় নিয়মিত কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে নিজের অভিনয়ের নতুন মাত্রা তুলে ধরাই এখন তাঁর লক্ষ্য। ‘গুড নিউজ’-এ তাঁর নতুন চরিত্র দর্শকের কাছে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

কালের আলো/এমএসআইপি/জেএন

শাকিবের ‘সোলজার’ আটকে, অপেক্ষায় তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
শাকিবের ‘সোলজার’ আটকে, অপেক্ষায় তানজিন তিশা

ছোট পর্দায় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন অনেক আগেই। মডেলিংয়ের পাশাপাশি নাটক, ওয়েব সিনেমা ও সিরিজেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তানজিন তিশা। এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। তবে সবকিছু ঠিক থাকলেও সেই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার কথা থাকলেও নির্মাণকাজের জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির মুক্তি।

চলচ্চিত্রে অভিষেকের জন্য তিশার অপেক্ষা অবশ্য নতুন নয়। বহুবার সিনেমায় কাজের সুযোগ এলেও পছন্দের গল্প ও চরিত্রের মাধ্যমেই বড় পর্দায় যাত্রা শুরু করতে চেয়েছেন তিনি। ‘সোলজার’ সেই স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করেছিল। কিন্তু সিনেমাটির কাজ পিছিয়ে যাওয়ায় এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে।

অসমাপ্ত শুটিং ঘিরে জটিলতা
‘সোলজার’ সিনেমার বাকি কাজ শেষ করতে আরও ৯ থেকে ১০ দিনের শুটিং প্রয়োজন। কিন্তু সেই শুটিংয়ের সময়সূচি নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে কবে নাগাদ সিনেমাটির কাজ শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে নতুন দুটি সিনেমা ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন শাকিব খান। শিগগিরই সিনেমা দুটির কাজ শুরু করার কথা রয়েছে তাঁর। এ অবস্থায় ‘সোলজার’-এর জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শুটিংয়ের বাকি অংশ শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটির মুক্তির সময় নির্ধারণও কঠিন। ফলে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক কবে হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মিলছে না।

পরে শুরু হওয়া সিনেমা এগিয়ে গেল
‘সোলজার’-এর কাজ পিছিয়ে যাওয়ার মধ্যে শাকিব খানের অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার কাজ এগিয়েছে। পরে শুটিং শুরু হওয়া এসব সিনেমা মুক্তির পথে এগিয়ে যাওয়ায় তিশার অভিষেকের অপেক্ষা আরও আলোচনায় এসেছে।

শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের সুযোগটি তিশার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারত। কিন্তু নির্মাণকাজের অনিশ্চয়তায় সেই পরিকল্পনা বাস্তবায়ন এখনো ঝুলে আছে।

ছোট পর্দায় ব্যস্ততা বেড়েছে
বড় পর্দায় অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলেও ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তানজিন তিশা। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। অভিনয়ের ধারাবাহিকতা ধরে রেখে দর্শকের সামনে নতুন নতুন চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

তবে চলচ্চিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রত্যাশা পূরণে এখন ‘সোলজার’-এর কাজ শেষ হওয়ার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে এই অভিনেত্রীকে। বাকি শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার পরই পরিষ্কার হবে, কবে বড় পর্দায় দেখা যাবে তানজিন তিশাকে।

কালের আলো/টিসি/জেএন

সালাহউদ্দিন আহমেদের মাগফিরাত কামনায় বিএনপির নেতাকর্মীদের দোয়া

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
সালাহউদ্দিন আহমেদের মাগফিরাত কামনায় বিএনপির নেতাকর্মীদের দোয়া

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ গত ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ১৪ অক্টোবর তাঁর তিন ধাপে জানাজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কুলখানি ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি