লেক কারিবায় নৌকাডুবিতে প্রাণ গেল ৬৮ জনের
জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর নতুন করে আরও ২২টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। কিন্তু দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিল।
দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এই দুর্ঘটনাকে অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, প্রবল বাতাস ও উত্তাল ঢেউ—এসব কারণ দুর্ঘটনায় কতটা ভূমিকা রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array