খুঁজুন
                               
, ,
           

গ্যাসের চাপে থমকে যাচ্ছে শিল্পের চাকা

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
গ্যাসের চাপে থমকে যাচ্ছে শিল্পের চাকা

দেশের শিল্প খাত যেন একসঙ্গে কয়েকটি সংকটের ভারে নুয়ে পড়েছে। ডলার সংকট, উচ্চ সুদহার, কাঁচামাল আমদানিতে বাধা, রপ্তানি অর্ডার কমে যাওয়া—এসবের সঙ্গে নতুন করে সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। জ্বালানির অনিশ্চয়তায় শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে রপ্তানি সক্ষমতা। ফলে বিনিয়োগের বদলে উদ্যোক্তাদের এখন টিকে থাকার লড়াই করতে হচ্ছে।

শিল্প মালিকদের ভাষ্য অনুযায়ী, শিল্পাঞ্চলগুলোতে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে গ্যাসের চাপ এতটাই কম যে অনেক কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। টেক্সটাইল, তৈরি পোশাক, সিরামিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ গ্যাসনির্ভর শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন সচল রাখতে উদ্যোক্তাদের জেনারেটর ও এলপিজির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ।

শিল্পের জন্য সংকটটি শুধু বাড়তি খরচের মধ্যে সীমাবদ্ধ নেই। গ্যাসের সরবরাহ অনিয়মিত হওয়ায় উৎপাদন পরিকল্পনা ভেঙে পড়ছে। একটি কারখানা নির্ধারিত সময়ে উৎপাদন করতে না পারলে তার প্রভাব পড়ে পুরো সরবরাহ ব্যবস্থায়। কাঁচামাল থেকে শুরু করে শ্রম, পরিবহন, শিপমেন্ট—সবকিছুর সময়সূচি বদলে যায়। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পে এর প্রভাব আরও ভয়াবহ। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে জরিমানা গুনতে হচ্ছে উদ্যোক্তাদের, আবার ভবিষ্যৎ অর্ডার পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে।

টেক্সটাইল খাতের পরিস্থিতি এর একটি স্পষ্ট উদাহরণ। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, স্পিনিং মিলগুলোর একটি বড় অংশ কাঁচামালের সংকটে অর্ধেক সক্ষমতায় চলছে। অর্থাৎ কারখানা আছে, যন্ত্রপাতি আছে, শ্রমিক আছে—কিন্তু উৎপাদন করার মতো পর্যাপ্ত কাঁচামাল ও জ্বালানি নেই। শিল্পের সক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন কমে যাওয়া অর্থনীতির জন্য বড় ধরনের অপচয়।

এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট। কাঁচামাল, রাসায়নিক, তুলা, সুতা ও মেশিনারিজ আমদানির জন্য প্রয়োজনীয় এলসি খুলতে অনেক উদ্যোক্তাই সমস্যায় পড়ছেন। ফলে গ্যাস সংকটের কারণে যে উৎপাদন কমছে, ডলার সংকট সেই উৎপাদন পুনরুদ্ধারের পথও সংকুচিত করছে। অর্থাৎ শিল্পের একটি সংকট আরেকটি সংকটকে আরও গভীর করে তুলছে।

এই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে উচ্চ সুদহার। বিভিন্ন ব্যাংকে ঋণের সুদহার ১৪ থেকে ১৫ শতাংশে পৌঁছানোয় শিল্প উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটালের ব্যয় বেড়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তারা বেশি চাপে পড়েছেন। উৎপাদন কমলেও ঋণের সুদ ও অন্যান্য স্থায়ী ব্যয় কমে না। ফলে আয় কমার বিপরীতে ব্যয় বাড়তে থাকায় অনেক উদ্যোক্তা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ছেন।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও স্বস্তি নেই। মূল্যস্ফীতি ও দুর্বল চাহিদার কারণে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্ডার কমেছে। উদ্যোক্তাদের হিসাবে, নতুন অর্ডার গত বছরের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে জ্বালানি সংকটে, অন্যদিকে উৎপাদিত পণ্যের বাজারও সংকুচিত হচ্ছে। তার ওপর ডলারের উচ্চমূল্য, কাঁচামাল ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং শিপিং খরচের চাপ রয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উৎপাদন কমে যাওয়ার এই প্রক্রিয়া শেষ পর্যন্ত রপ্তানি আয়েও প্রভাব ফেলতে পারে। গ্যাসের অভাবে উৎপাদন কমবে, উৎপাদন কমলে রপ্তানির জন্য পণ্য কম তৈরি হবে, রপ্তানি কমলে দেশে ডলারের প্রবাহও কমবে। আবার ডলারের সংকটের কারণে কাঁচামাল আমদানি কমলে উৎপাদন আরও কমবে। এভাবে গ্যাস, উৎপাদন, রপ্তানি ও ডলার সংকট একটি পারস্পরিক নির্ভরশীল চক্র তৈরি করছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের বক্তব্যেও এই আন্তঃসম্পর্কের বিষয়টি উঠে এসেছে। তাঁর মতে, শিল্প খাতের বর্তমান সংকটগুলো আলাদা নয়; একটি সংকট আরেকটিকে বাড়িয়ে দিচ্ছে। গ্যাসের অভাবে উৎপাদন কমছে, উৎপাদন কমলে রপ্তানি কমছে, রপ্তানি কমলে ডলার আসা কমছে এবং ডলার সংকট আবার কাঁচামাল আমদানিতে বাধা তৈরি করছে।

ফলে বর্তমান সংকটকে শুধু ‘গ্যাসের সমস্যা’ হিসেবে দেখলে এর গভীরতা বোঝা যাবে না। এটি এখন শিল্পের উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক অবস্থান এবং বিনিয়োগের পরিবেশ—তিনটিকেই প্রভাবিত করছে। একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনিশ্চয়তা। কখন গ্যাস থাকবে, কখন বিদ্যুৎ থাকবে, কবে এলসি খোলা যাবে, কত সুদে ঋণ পাওয়া যাবে—এসব প্রশ্নের উত্তর অনিশ্চিত থাকলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিতে বা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হতে পারে। এতে শুধু শিল্প মালিক নয়, শ্রমিক ও সংশ্লিষ্ট বিপুলসংখ্যক ছোট-বড় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। একটি বড় কারখানার উৎপাদন বন্ধ হলে তার সঙ্গে যুক্ত কাঁচামাল সরবরাহকারী, পরিবহন ব্যবসা, প্যাকেজিং, ব্যাংকিং ও অন্যান্য সেবা খাতেও এর প্রভাব পড়ে।

সরকার অবশ্য পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দেশীয় উৎস থেকে নতুন গ্যাস পাওয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ফলে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সরবরাহ ব্যবস্থাপনা ও আমদানিনির্ভরতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে ডলার সরবরাহ, এলসি খোলা এবং শিল্পঋণের সুদহার নিয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বাস্তবতা হলো, শিল্প খাতকে এখন একদিকে উৎপাদন বাড়াতে হচ্ছে, অন্যদিকে বাড়তি ব্যয় সামলাতে হচ্ছে; আবার আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাও ধরে রাখতে হচ্ছে। এই অবস্থায় জ্বালানি সংকটের সমাধান ছাড়া শিল্পের অন্যান্য সংকটও স্থায়ীভাবে কাটিয়ে ওঠা কঠিন।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি শিল্প ও রপ্তানি খাত। তাই শিল্পের উৎপাদন ব্যাহত হওয়া মানে শুধু কয়েকটি কারখানার সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে রপ্তানি আয়, কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যাংকঋণ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। গ্যাস-বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা তাই এখন শিল্পের জন্য কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার মৌলিক শর্ত।

শিল্প উদ্যোক্তারা দীর্ঘদিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই প্রত্যাশার জায়গায় যদি অনিশ্চয়তা আরও বাড়ে, তাহলে বিনিয়োগের গতি থেমে যাওয়ার পাশাপাশি বিদ্যমান শিল্প সক্ষমতাও ক্ষয়ে যেতে পারে। তাই গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা বাস্তবায়ন এখন শিল্প খাতের সবচেয়ে জরুরি দাবি। নইলে গ্যাসের সংকট ধীরে ধীরে শুধু কারখানার উৎপাদন নয়, পুরো অর্থনীতির প্রবৃদ্ধির চাকার গতিকেই থামিয়ে দিতে পারে।

কালের আলো/এম/এএইচ

কভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ, আশুলিয়ায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
কভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ, আশুলিয়ায় নিহত ৭

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে একটি কাবার ভেতর থেকে পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি কভার্ড ভ্যানের ভেতরে থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কালের আলো/এমএসআইপি 

ডিজেল-কেরোসিন-অকটেন-পেট্রোলের দাম বাড়ল ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
ডিজেল-কেরোসিন-অকটেন-পেট্রোলের দাম বাড়ল ২০ টাকা

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দামে ডিজেলের মূল্য ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। সর্বশেষ বড় ধরনের মূল্য সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে নিয়মিত এ দাম সমন্বয় করা হয়।

কালের আলো/এমএসআইপি 

অটোরিকশা উচ্ছেদ নয়, নিবন্ধন ও ফিটনেসের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
অটোরিকশা উচ্ছেদ নয়, নিবন্ধন ও ফিটনেসের আওতায় আনার দাবি

ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ বন্ধ বা উচ্ছেদ না করে আধুনিকায়ন, নিবন্ধন, ফিটনেস সনদ, চালকদের প্রশিক্ষণ ও বৈধ বিদ্যুৎ সংযোগের আওতায় এনে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সামাদ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ বা উচ্ছেদের পরিবর্তে আধুনিকায়ন, নিবন্ধন, ফিটনেস সনদ, চালকদের প্রশিক্ষণ, বৈধ বিদ্যুৎ সংযোগ, নির্ধারিত রুট ও সড়ক ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, এর মাধ্যমে একদিকে যাত্রী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে এ খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত চালক, মালিক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও অধিকারও সুরক্ষিত থাকবে।

১০ দফা দাবি

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশার আধুনিকায়ন ও ফিটনেস সনদ প্রদান। পাশাপাশি বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রুট পারমিট চালুর দাবি জানানো হয়েছে।

চালকদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিশেষ ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা এবং প্রতিটি অটোরিকশা গ্যারেজে ডি-৩ ক্যাটাগরির বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবিও রয়েছে।

এ ছাড়া গ্যারেজ থেকে সরকারের প্রাপ্য বিদ্যুৎ বিল ও রাজস্ব যথাযথভাবে আদায়, সিটি করপোরেশনের প্রধান সড়কে অটোরিকশার জন্য পৃথক ‘লো-স্পিড লেন’ এবং জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকার প্রধান সড়কে পৃথক লেন নির্ধারণের দাবি জানানো হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রধান ও ফিডার সড়ক বিবেচনায় বৈজ্ঞানিকভাবে সর্বোচ্চ পাঁচ লাখ অটোরিকশার সিলিং নির্ধারণ, দেশের পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোর মধ্যে এ যানবাহনকে অন্তর্ভুক্ত করা এবং নীতিনির্ধারণে মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও রয়েছে।

আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের দাবি

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অটোরিকশা খাতের সমস্যার স্থায়ী সমাধান শুধু নিষেধাজ্ঞা বা উচ্ছেদের মাধ্যমে সম্ভব নয়। প্রযুক্তিগতভাবে আধুনিক, নিরাপদ, নিবন্ধিত ও আইনসম্মত কাঠামোর মধ্যে এ খাতকে নিয়ে আসা প্রয়োজন।

তারা বলেন, অটোরিকশা বন্ধের অন্যতম কারণ হিসেবে ব্রেকিং সিস্টেম ও অনিরাপদ বডি স্ট্রাকচারের বিষয়টি তুলে ধরা হচ্ছে। এ কারণে বুয়েট অনুমোদিত আধুনিক ব্রেকিং সিস্টেম ও নিরাপদ ডিজাইনের ই-রিকশা দেশীয় প্রযুক্তিতে উৎপাদনের সুযোগ দিতে হবে।

একই সঙ্গে পুরোনো অটোরিকশাগুলো আধুনিক ও নিরাপদ প্রযুক্তিতে রূপান্তরের জন্য তিন থেকে পাঁচ বছরের নির্দিষ্ট সময়সীমা দেওয়ার দাবি জানান তারা।

নেতারা বলেন, ১০ দফা দাবি নিয়ে চালক-মালিক প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। আইন মেনে নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মো. আবু বকর ছিদ্দিক এবং কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন ও শরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি