খুঁজুন
                               
, ,
           

বিশ্বজুড়ে অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার কর্মকর্তাদের জন্য নতুন একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো ভিসা কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আবেদনকারীদের বিষয়ে সিদ্ধান্ত যেন আরও সামগ্রিক ও ধারাবাহিকভাবে নেওয়া হয়, সেটিও নিশ্চিত করতে চায় পররাষ্ট্র দপ্তর।

ইতিমধ্যে যেসব অভিবাসী ভিসাপ্রার্থীর সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের অনেককে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে। তবে কবে থেকে স্বাভাবিকভাবে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্দিষ্ট সময়সীমা দেয়নি।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর মধ্যে অভিবাসীদের বহিষ্কার জোরদার, ভিসা বাতিল এবং আবেদনকারীদের বিষয়ে আরও কঠোর যাচাই-বাছাইয়ের মতো পদক্ষেপ রয়েছে।

এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার একটি নীতি নিয়েছিল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওই নীতি বাতিল করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

অভিবাসন অধিকারকর্মীরা ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, কঠোর যাচাই-বাছাই ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের মতো পদক্ষেপ বৈধ অভিবাসনপ্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং অনেক আবেদনকারীকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে।

তবে মার্কিন প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা জোরদার করা এবং ভিসাপ্রার্থীদের বিষয়ে আরও কঠোর ও সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন নিশ্চিত করা।

সূত্রঃরয়টার্স

কালের আলো/এসএ

বাংলাদেশে তৈরি হচ্ছে ১৩ মিলিয়ন ডলারের এআই হাব, দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
বাংলাদেশে তৈরি হচ্ছে ১৩ মিলিয়ন ডলারের এআই হাব, দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়ন ও দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে ১৩ মিলিয়ন ডলারের একটি এআই হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় ঢাকায় এই হাব গড়ে তোলা হবে।

বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়িকা) এর মধ্যে এ বিষয়ে ১৩ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি, গবেষণা জোরদার এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিপুলসংখ্যক কর্মী থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও উন্নত প্রযুক্তিতে বিশেষায়িত দক্ষতার ঘাটতি রয়েছে। নতুন এআই হাব এই ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অনলাইন ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষ যুক্ত এবং এই খাত থেকে উল্লেখযোগ্য বৈদেশিক আয় আসে। তবে এআইনির্ভর অর্থনীতিতে আরও এগোতে বিশেষায়িত দক্ষ পেশাজীবী তৈরি করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শুধু এআই প্রযুক্তি ব্যবহার নয়, স্থানীয় পর্যায়ে এআই গবেষণা, উদ্ভাবন ও নতুন প্রযুক্তি তৈরি করার সক্ষমতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাড়ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু হয়েছে।

প্রযুক্তিবিদদের ধারণা, এআই ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো গেলে বাংলাদেশের তরুণদের জন্য দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির খাত হিসেবে আরও শক্তিশালী হতে পারে।

কালের আলো/এসএ

উপায়ে চাকরির সুযোগ, নিয়োগ অ্যাকাউন্ট ম্যানেজার

চাকরি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
উপায়ে চাকরির সুযোগ, নিয়োগ অ্যাকাউন্ট ম্যানেজার

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘উপায়’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠান: ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়)
পদ: কি অ্যাকাউন্ট ম্যানেজার
চাকরির ধরন: ফুলটাইম, অফিসভিত্তিক
কর্মস্থল: সিলেট
বেতন: মাসিক ৩০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ফিন্যান্স, মার্কেটিং অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিলেটের করপোরেট ও ব্যবসায়িক নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ ছাড়া করপোরেট সেলস, চ্যানেল পার্টনারশিপ ও ডিজিটাল পেমেন্ট সলিউশন নিয়ে কাজের দক্ষতা প্রয়োজন। নির্ধারিত এলাকায় মাঠপর্যায়ে ভ্রমণ করার মানসিকতাও থাকতে হবে।

যেসব দায়িত্ব পালন করতে হবে

নির্ধারিত এলাকায় করপোরেট চ্যানেল পার্টনার খুঁজে বের করা, তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি ও সক্রিয় রাখা হবে এই পদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি করপোরেট কালেকশন ও ডিজিটাল পেমেন্ট সেবার প্রসারে কাজ করতে হবে।

নির্ধারিত মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, নতুন পার্টনারদের কেওয়াইসি যাচাই ও চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করাও দায়িত্বের মধ্যে রয়েছে। পার্টনারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয় করেও কাজ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে।

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬।

কালের আলো/এসএ

সেপ্টেম্বরের মধ্যে হতে পারে স্থানীয় নির্বাচনের তফসিল: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সেপ্টেম্বরের মধ্যে হতে পারে স্থানীয় নির্বাচনের তফসিল: সিইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আইনগত সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন মাঠে নামতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে।’

তফসিলের সময় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল দিতে পারব। তবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আইনগত সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে। এটা নিশ্চিত যে আমাদের এই বছরের মধ্যে শুরু করতে হবে। আইনি বিষয় আছে এখানে। এই বছরের মধ্যে শুরু করতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সিইসি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

নাসির উদ্দিন বলেন, ‘আমাদের সময়ের স্লট খুবই শর্ট। এরপর রমজান চলে আসবে। রমজানের পরে ঈদুল আজহা, তারপর বর্ষাকাল—নানাবিধ জটিলতা আছে। সবকিছু মিলিয়েই আমাদের নির্বাচন করতে হবে।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট একটি আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

উপকূলীয় ও দুর্গম এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, আইনগতভাবে যেসব নির্বাচন আগে করার প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আগের ধাপের নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ৩৭১টি ইউনিয়ন পরিষদও অগ্রাধিকারের তালিকায় থাকবে।

নাসির উদ্দিন আরও বলেন, ‘যেসব এলাকায় নির্বাচন আগে দেওয়ার আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আমাদের প্রথমে বিবেচনায় নিতে হবে। আর হিলি রিজিয়ন বা দুর্গম অঞ্চল যেখানে আছে, সেখানে যদি নির্বাচন পড়ে, সেগুলো শুকনো মৌসুমে করার চেষ্টা থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, তার চেয়ে ভালো বই খারাপ নয়—ওই স্ট্যান্ডার্ডে আমরা কাজ করতে চাই। প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি এবং নিউট্রালি যাতে কাজ করতে পারি এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যাতে ক্রেডিবল হয়, সেভাবেই কাজ করতে চাই।’

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী নির্বাচনগুলোতে কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রেখে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

কালের আলো/আরডি/এমডিএইচ