খুঁজুন
                               
, ,
           

ইরানে মার্কিন হামলা, নিহত ১৮; পাল্টা হামলা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
ইরানে মার্কিন হামলা, নিহত ১৮; পাল্টা হামলা তেহরানের

ইরানে নতুন করে মার্কিন বাহিনীর চালানো হামলায় ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি এ তথ্য জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানানো হয়েছে।

ইরানের দাবি, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও সেবা খাতের অবকাঠামোয় হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাবে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

পাল্টা জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাকের কুর্দিস্তান অঞ্চল ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

নেপালে বন্যা

ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, অবশেষে জীবিত মিলল দুই শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, অবশেষে জীবিত মিলল দুই শ্রমিক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের নয় দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ওই টানেলে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন সঞ্জয় শাহ ও কবির মহার্জন। সঞ্জয় শাহ প্রকল্পটিতে যান্ত্রিক ফোরম্যান এবং কবির মহার্জন যান্ত্রিক সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথমে সঞ্জয় শাহকে টানেল থেকে বের করে আনা হয়। পরে কবির মহার্জনকেও জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একজনকে অক্সিজেন দেওয়া হয়েছে। সঞ্জয় শাহকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর কাছে নেওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কবির মহার্জনকেও চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার প্রস্তুতি চলছে।

২৬ আগস্ট হিমবাহ ধসে সৃষ্ট বরফ, পাথর ও কাদার স্রোতে নেপালের ত্রিশূলী নদী উপত্যকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে নদীর তীরবর্তী কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে বিপুলসংখ্যক শ্রমিক আটকা পড়েন।

উদ্ধারকারীরা টানেলের ভেতর মানুষের কণ্ঠস্বর শোনার পর অভিযান আরও জোরদার করেন। নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

দুইজনকে জীবিত উদ্ধারের ঘটনায় টানেলে আটকে থাকা অন্যদেরও জীবিত উদ্ধারের আশা তৈরি হয়েছে। তাদের পরিবারের সদস্যদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এদিকে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা আরও বেশি।

কালের আলো/এসকে/এমএসআইপি 

পথচারীকে বাঁচাতে গিয়ে জমিতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারী

বগুড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
পথচারীকে বাঁচাতে গিয়ে জমিতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারী

বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে ফিরোজা নামে এক নারী পথচারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।

এ সময় পথচারী ফিরোজা আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।

কালের আলো/এমএসআইপি/এসকে

ভিসা পেতে দালালের দ্বারস্থ না হওয়ার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
ভিসা পেতে দালালের দ্বারস্থ না হওয়ার পরামর্শ ভারতীয় হাইকমিশনের

ভিসা প্রত্যাশীদের অননুমোদিত দালাল ও এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে দালালরা। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের আকৃষ্ট করে।

হাইকমিশন সতর্ক করে জানায়, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

কালের আলো/এসকে/এমএসআইপি