খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

৩০ সেকেন্ডে ঝড় তুললেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
৩০ সেকেন্ডে ঝড় তুললেন পরীমনি

কিছুদিন ধরেই অভিনয় কিংবা নতুন কাজ নিয়ে আলোচনায় ছিলেন না ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব-এ অভিনয়ের পর প্রশংসা কুড়ালেও এরপর দীর্ঘ সময় তাকে পর্দার বাইরে থাকতে দেখা যায়। ফলে স্বাভাবিকভাবেই কমে যায় তাকে ঘিরে আলোচনা।

তবে হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই অভিনেত্রী—তবে অভিনয় দিয়ে নয়, বরং একটি ছোট ভিডিও পোস্টের মাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। প্রকাশের ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় প্রায় ১৬ লাখ। পাশাপাশি ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, সুইমিংপুলে সাঁতারের পোশাকে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। তার লুক ও উপস্থাপনায় মুগ্ধ হয়ে অনেক ভক্ত প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ হিসেবে আখ্যা দিয়েছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে শুধু প্রশংসাই নয়, ভিডিওটি ঘিরে সমালোচনাও কম হয়নি। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে, তার জবাবও দিয়েছেন পরীমনি নিজেই।

সবশেষে বড় পর্দায় তাকে দেখা গেছে কলকাতার ফেলুবক্সী সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরী-এর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটিও।

কালের আলো/এসএকে

পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Oplus_131072

পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। ট্রেনটি সেনানিবাস এলাকা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই হামলায় আহত হয়েছেন অন্তত ৮২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালের আলো/এসএকে

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালের আলো/এম/এএইচ

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি