খুঁজুন
                               
, ,
           

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছ-তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।’

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে জামায়াত আমিরের পোস্ট।

বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নৃশংস এ হত্যাকাণ্ডের মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করা হয়। জাকির রিকশা মেকানিক হিসেবে কাজ করত এবং তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

কালের আলো/এসআর/এএএন

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, ১৩ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, ১৩ জেলায় ঝড়ের শঙ্কা

সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও একবার বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গেছে।

এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.৯৫ ডলারে উঠেছে।  আগের লেনদেনে এটির দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

এদিকে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি অস্বীকার করেছে তেহরান।

ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩ আগস্ট) স্পষ্টভাবে জানায়, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।

তেহরানের এই বক্তব্যের বিপরীতে ট্রাম্প বলেন, ‘আমরা এখনই কথা বলছি।’

তিনি আরও বলেন, ‘তাদের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের সম্ভাব্য সবশেষ সুযোগ দিতে চাই।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে প্রায় দেড় কোটি টাকা অতিরিক্ত উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের উত্তোলিত মোট ১ কোটি ৪৪ লাখ ৪৮ টাকা এক মাসের মধ্যে সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আর নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক ডিমান্ড রিকভারি আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর জানায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও পুনর্বিবেচনা, গ্রেড পরিবর্তন, বাতিল ও স্থগিত-সংক্রান্ত পুনর্বিবেচনা কমিটির গত ১৬ জুনের সভার সিদ্ধান্তের আলোকে গত ১৬ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও বাছাই ও অনুমোদন কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার (আলিম স্তর পর্যন্ত এমপিওভুক্ত) ফাজিল ও কামিল স্তরের ১৯ জন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক-কর্মচারীর ইনডেক্স কর্তনের পাশাপাশি তাদের নামে বিধিবহির্ভূতভাবে উত্তোলিত মোট ১ কোটি ৪৪ লাখ ৪৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

অধিদপ্তরের জারি করা পৃথক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের নির্ধারিত অঙ্কের অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে, ট্রেজারি চালানের মূল কপি অথবা সত্যায়িত অনুলিপি দ্রুত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রভাষক (আরবি) মো. আল আমিন ৭ লাখ ৫১ হাজার ২৪২ টাকা, প্রভাষক (আরবি) মো. রাশেদুল ইসলাম ১০ লাখ ৬০ হাজার ৩০২ টাকা, প্রভাষক (বাংলা) মো. কুদরাতুর রহমান ১৮ লাখ ১ হাজার ১০২ টাকা, প্রভাষক (ইংরেজি) ফকরুল ইসলাম ১৮ লাখ ১ হাজার ১০২ টাকা, প্রভাষক (ইসলামের ইতিহাস) মো. ফারুক হোসেন ২১ লাখ ৩৫ হাজার ৫৪১ টাকা, প্রভাষক (গ্রন্থাগারিক) মো. সরোয়ার হোসেন ৭ লাখ ৫১ হাজার ২৪২ টাকা, সহকারী গ্রন্থাগারিক মহিউদ্দিন ৮ লাখ ৭৭ হাজার ১৫ টাকা, সহকারী মৌলভী মো. নূরনবী ৬ লাখ ২৭ হাজার ৭০২ টাকা,

জুনিয়র শিক্ষক নাছরিন ৩ লাখ ৬৪ হাজার ৪৫৩ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজী আল মাসুদ ৪ লাখ ৮১ হাজার ১৮৩ টাকা, ল্যাব সহকারী (পদার্থ) মো. রেজাউল মিয়া ৩ লাখ ৩৫ হাজার ৯৯১ টাকা, ল্যাব সহকারী (জীববিজ্ঞান) সাম্মি আক্তার ৩ লাখ ৩৫ হাজার ৯৯১ টাকা,

চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মাসুম বিল্লাহ ৪ লাখ ৩৪ হাজার ১৭৫ টাকা, চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাইফুল ইসলাম ৩ লাখ ২৮ হাজার ২১৫ টাকা, পরিচ্ছন্নতাকর্মী মো. নাজমুল ইসলাম ৩ লাখ ৮৯ হাজার ৪০৭ টাকা, চতুর্থ শ্রেণির কর্মচারী হামীব গাজী ৪ লাখ ৩৪ হাজার ১৭৫ টাকা এবং প্রভাষক (ফকিহ) জাহিদ হোসেন ৬ লাখ ৪৩ হাজার ৩৭০ টাকা অতিরিক্ত উত্তোলন করেছেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্যসচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক ডিমান্ড রিকভারি আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের করা হবে।

এদিকে, এ সিদ্ধান্তের অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), ফরিদপুরের জেলা প্রশাসক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের কাছেও পাঠানো হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি