‘অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের
সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগগুলোকে ‘বিভ্রান্তিকর অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করে তা নাকচ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এক বিবৃতিতে জানানো হয়েছে, এ পর্যন্ত প্রাপ্ত সব অভিযোগ এরই মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে যথাযথ প্রমাণ ছাড়াই ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। গ্রাহকদের পক্ষ থেকে যেসব অভিযোগ জমা দেওয়া হয়েছিল, বিদ্যুৎ বিভাগ এবং দেশের বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো যৌথভাবে সেগুলো সমাধান করেছে।
তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
একই সাথে বিভাগটি সতর্ক করে বলেছে, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিচ্ছিন্নভাবে কিছু গ্রাহকের পক্ষ থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ ওঠার প্রেক্ষিতে এই স্পষ্টীকরণ দিল বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিল নিয়ে কেন এমন জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিদ্যুৎ খাতের কর্মকর্তারা ইতিপূর্বে বেশ কিছু কারণ জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে: মিটারে না দেখে আনুমানিক রিডিং দেওয়া, মিটারের তথ্য সিস্টেমে আপডেট করতে বিলম্ব, বিলিং চক্রের সমন্বয় অথবা গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে বিল বেশি আসা।
বিদ্যুৎ বিভাগ বলেছে, যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো দাবি না তুলে প্রকৃত অভিযোগ থাকলে গ্রাহকদের উচিত আনুষ্ঠানিক অভিযোগ প্রক্রিয়া অনুসরণ করা।
কালের আলো/এম/এএইচ


আপনার মতামত লিখুন
Array