খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

এসএসসির বাংলা ১ম ও ২য় পত্রের প্রশ্ন ফাঁস হয়নি : পরীক্ষা নিয়ন্ত্রক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
এসএসসির বাংলা ১ম ও ২য় পত্রের প্রশ্ন ফাঁস হয়নি : পরীক্ষা নিয়ন্ত্রক

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে বা চলাকালে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রশ্ন ফাঁসের কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বোর্ড।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক স্মারকে বোর্ড জানায়, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র (১০১) এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো তথ্য স্বীকৃত কোনো গণমাধ্যম, অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়নি।

বোর্ড আরও জানায়, পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সংবাদ প্রচার করায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর ফলে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে বোর্ড।

প্রকাশিত স্মারকে আরও বলা হয়, এ ধরনের সংবাদের বিষয়ে বস্তুনিষ্ঠ তদন্ত করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করা প্রয়োজন। সংশ্লিষ্ট গণমাধ্যমকে যথাযথ ব্যাখ্যা ও সংশোধনী প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।

এদিকে, প্রশ্ন ফাঁসের অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পুলিশের সিটিটিসি বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণকালে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

কালের আলো/আরডি/এমডিএইচ

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ জন।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কালের আলো/এসআর/এএএন

ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

Oplus_131072

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (২৫ মে) ঢাকার ফার্মগেটে ৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রী ফোন করেছেন। চট্টগ্রাম ও সিলেটের ২টি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, সাড়ে ৪ মিনিট পরপর চলছে মেট্রোরেল। নতুন কোচ কেনা সম্ভব হলে আরও সময় কমানো যাবে।

শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেলে যাত্রায় বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। ২৫ শতাংশ ছাড়ে বিশেষ কার্ড মেট্রোরেল ও আন্তঃনগর রেলে দেওয়া হবে।

ঈদুল আজহা ঘিরে দুদিনে দেড় কোটির ওপর লোক ঢাকা ছাড়বে জানিয়ে তিনি বলেন, টিকিট কেটে যাবেন বা গাড়ির জন্য অপেক্ষা করবেন, সেই অপেক্ষা করেন না যাত্রী। এই প্রক্রিয়া নিরুৎসাহিত করি। ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, রোববার ড্রাইভারের ভুলের কারণে টাঙ্গাইলে দুর্ঘটনা হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়েছে। রাস্তা ম্যানেজম্যান্টের ত্রুটি ছিল না।

কালের আলো/এসএকে

স্বস্তির ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
স্বস্তির ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তি চরমে

টানা তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা রাজধানীবাসী আজ দুপুরে পেয়েছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টি ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশুর হাটে তৈরি করেছে নতুন ভোগান্তি।

সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন সড়কে যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে পশুর হাটগুলোতে কাদা ও পানি জমে বিপাকে পড়েন ক্রেতা-বিক্রেতারা।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল। সোমবার সকাল থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে কমে আসে তীব্র গরমের তাপমাত্রা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ আগে থেকেই বেশি থাকায় বৃষ্টির পর সেই ভোগান্তি আরও বেড়ে যায়। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও গাবতলী এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

যাত্রাবাড়ীতে বরিশালগামী যাত্রী রাকিব ইসলাম বলেন, ‘গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছি। কিন্তু রাস্তায় পানি জমে যাওয়ায় গাড়ি খুব ধীরে চলছে। সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি।’

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি হতে পারে। ফলে ঈদযাত্রা ও পশুর হাটে ভোগান্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/আরডি/এমডিএইচ