খুঁজুন
                               
, ,
           

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আর এ নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটাই। এমন সময়ে চমকে দিলেন নায়ক।

শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন শাকিব খান; সেখানেই দেখা যায় ‘রকস্টার’ সিনেমার মোশন পোস্টার। সঙ্গে দিলেন সিনেমাটি নিয়ে এক বিশেষ বার্তাও!

ভিডিওর শুরুতে দেখা যায় ঝড়-বৃষ্টি, সঙ্গে বাজছে ইলেক্ট্রিক গিটারের ঝংকার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের মাঝে গান গাইছেন রকস্টার।

গানের কথায় শোনা যায়, ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’। এরপরই আসে মোশন পোস্টার। যেখানে উল্লেখ করা হয়, আগামী ৫ মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার। সঙ্গে লেখা ওঠে, জ্যামিং ড্রপিং অন ফিফথ মে।

ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।

সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আসছে কোরবানির ঈদের জন্যই নির্মাণ করা হচ্ছে সিনেমাটি।

কালের আলো/এম/এএইচ

শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

শওকত আজিজ রাসেল বলেন, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন।

তিনি জানান, পুরোপুরি বন্ধ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/এসএকে

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় সৌদি ও মার্কিনিদের যুদ্ধবিমান।

পিএমএফ এক সময় সশস্ত্র গোষ্ঠী থাকলেও ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের একীভূত করা হয়। এই গ্রুপে আবার আলাদা আলাদা কয়েকটি দল রয়েছে।

পিএমএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালাতে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে একাধিক মিলিটারি সদরদপ্তর, সামরিক যান এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে পিএমএফের ৩০নং ব্রিগেড আলাদা এক বিবৃতিতে জানিয়েছিল, রাত ৩টা ২০ মিনিটের দিকে নিনেভেহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাতবার বিমান হামলা চালানো হয়েছে। আর শুধুমাত্র সেখানেই ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক ডেকেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ইরানের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা বাসররা হামলাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

সৌদি আরবও হামলার তথ্য স্বীকার করেছে। দেশটি বলেছে, তারা নতুন করে আর উত্তেজনা চায় না। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেলে এরজন্য তারা প্রস্তুত।

সূত্র: সিএনএন

কালের আলো/এএইচ/এমএসআইপি

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে।

নাবিকদের সংগঠন ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই জানিয়েছে, এমভি আমির-১ নামে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

জাহাজটিতে ১৩ ভারতীয় নাবিক-সহ মোট ১৫ জন রয়েছেন। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে সংগঠনটি।

এফএসইউআই জানিয়েছে, জাহাজের মধ্যে নাবিকেরা আটকা পড়ে আছেন। তারা অত্যন্ত উদ্বেগে দিন কাটাচ্ছেন।

নাবিকদের সংগঠনটি তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, এম ভি আমির-১ নামে জাহাজটি বর্তমানে ইউক্রেনের চরনোমরস্ক বন্দরের কাছে নোঙর করেছে। জাহাজে ১৩ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাদের জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বেশ কয়েকবার জাহাজটিকে নিশানা বানানো হয়েছে। সংগঠনের তরফে ভারত সরকার এবং জাহাজমালিকের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে ভারতীয় নাবিকদের ওই সঙ্কটজনক পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়।

সামরিক সংঘাতের মধ্যে পড়ে ভারতীয় নাবিকদের জীবন সংশয় হতে পারে। দ্রুত ব্যবস্থার আর্জি জানিয়েছেন নাবিকরা।

একটি ভিডিও পোস্ট করেছে নাবিকদের সংগঠনটি। সেখানে দেখা যাচ্ছে, জাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে। জাহাজে আগুন লেগে গিয়েছে।

কয়েক দিন আগেও ইউক্রেনে পণ্যবাহী জাহাজে হামলা হয়েছিল। সোমবার (২৭ জুলাই) ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। পণ্যবাহী জাহাজ এবং নাবিকদের ওপর হামলার নিন্দা করা হয়। গত সপ্তাহে এম ভি ওমরফি নামে আরেকটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

কালের আলো/আরডি/এমডিএইচ