অবৈধ গরু আসতে দেওয়া হবে না: গাবতলী হাটে প্রতিমন্ত্রী টুকু
কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গবাদিপশু দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিমন্ত্রী টুকু বলেন, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই। এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটি আমাদের সবার খেয়াল রাখতে হবে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। পরে গরুর হাট ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক খামারি ও সাধারণ মানুষ যারা যত্ন করে পশু লালন-পালন করেন, তারা যেন নির্বিঘ্নে পশু বিক্রি করতে পারেন, সেজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে কাজ করছেন।
গাবতলী হাট পরিদর্শনের সময় হাট কর্তৃপক্ষের প্রতিনিধি, খামারি, গরু ব্যবসায়ী, ভেটেরিনারি চিকিৎসক এবং কোরবানির পশুর হাট ব্যবস্থাপনায় নিয়োজিত মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
- কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array