খুঁজুন
                               
বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে ৬০ হাজার কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে ৬০ হাজার কর্মসংস্থান

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের বিকশিত করতে পারে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে।

এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এসব বিষয়ে একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে গড়ে উঠবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

ববি হাজ্জাজ বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে বলেন, আমরা চাই আপনাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পায়। সে লক্ষ্যে কীভাবে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষকতা-সম্পর্কিত প্রস্তুতি যুক্ত করা যায় এবং কীভাবে যৌথভাবে দক্ষ শিক্ষক তৈরি করা যায় সেসব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই সংগীত,নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব,দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানগণসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।

কালের আলো/এসআর/এএএন

মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি

বিএনপির সংসদ সদস্য আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, জামায়াতে ইসলামীর সাইফুল আলম ও রাশেদুল ইসলাম।

সংসদ নেতা তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

এর পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়।

এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে সভাপতি মনোনীত করা হয়েছে। কার্যউপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এ টিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
প্রেমিকাকে ভিডিও কলে রেখেই রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর নাম মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা কুমিল্লার হোমনা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা তাৎক্ষণিকভাবে ছাত্রাবাসের ম্যানেজারকে অবহিত করেন। পরে ম্যানেজার ও আশপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থলে আসা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া বলেন, ঘটনা শুনেই আমরা কয়েকজন শিক্ষক এখানে এসেছি। কোনোভাবেই আমরা এটা ব্যাখ্যা করতে পারছি না যে এমন একটা মেধাবী শিক্ষার্থী এ রকম সিদ্ধান্ত নিয়ে নেবে, আমরা এটা কখনো ধারণা করতে পারিনি।

তার সহপাঠীদের সাথেও কথা বলে জানতে পারলাম, তারাও এ বিষয়ে আগে থেকে কিছুই জানতো না। তার যে একটা চলমান সমস্যা যাচ্ছে এটা সম্পর্কে তার সহপাঠীরাও অবগত ছিলো না। এ জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা আরও ভালো হওয়া উচিত, যেন তাদের সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। আর যে অপ্রত্যাশিত ঘটনাটা আজ ঘটে গেছে এটা আমাদের বিভাগে পূর্বে কখনোই ঘটেনি।

তিনি আরও বলেন, তার পরিবারের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন মরদেহ যেন ময়নাতদন্তের জন্য না পাঠানো হয়। আমরা এ ব্যপারে পুলিশের সঙ্গে কথা বলেছি এবং সুরতহাল শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রাখা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে আমরা ঘটনাটি জানতে পারি। এরপর আমরা পুলিশ ফোর্সকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে পুলিশের সুরতহালের মাধ্যমে জানা গেছে যে  ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন বা কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থী প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা শুরু করলে তার প্রেমিকা তার কাছের বন্ধুবান্ধব ও মেসের কেয়ারটেকারকে জানায়। এরপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

জানতে চাইলে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় থাকা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই করা হচ্ছে।

আজ (বুধবার) বিকেলে জাতীয় সংসদে নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। বিএনপি সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থান খাত আরও সম্প্রসারিত হয় এবং ২০০১ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের ১৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডের ১৩০টি পেশায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৯টি বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থাও রয়েছে।

তিনি বলেন, ৫০টি উপজেলায় নতুন কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলছে। বিদেশফেরত কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া ‘রেকগনিশন অব প্রায়র লার্নিং (আরপিএল)’ কর্মসূচির আওতায় দক্ষতার স্বীকৃতি ও সনদ প্রদান করা হচ্ছে।

নুরুল হক নুর আরও জানান, দেশ-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে এক লাখ দক্ষ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের তাকামুলের সঙ্গে চুক্তির আওতায় বর্তমানে ৩০টি প্রতিষ্ঠানে ৭৯টি পেশায় স্কিল টেস্ট পরিচালিত হচ্ছে। এ ছাড়া দেশের ৬০টি টিটিসিতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ম্যান্ডারিন, ইতালিয়ানসহ বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, ভাষা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং সাধারণ প্রবাসীদের জন্য ৮ শতাংশ সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, ওমান, মালয়েশিয়া ও বাহরাইনসহ বিভিন্ন দেশে শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, পর্তুগালসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে। ২৮টি সম্ভাব্য শ্রমবাজারের মধ্যে ১৮টি দেশের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কাতারের শ্রমমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, কাতার টেকনিক্যাল খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

দক্ষিণ কোরিয়া, জাপান, ওমান ও থাইল্যান্ডের সঙ্গে নতুন চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এছাড়া সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া ও গ্রিসসহ ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকলেও ভিসা সেন্টারের অভাবে নানা জটিলতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, এসব দেশের ভিসা কার্যক্রম সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো ঢাকায় নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করে।

কালের আলো/এসএকে