খুঁজুন
                               
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ়, ১৪৩৩
           

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

শরিবার (২০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্য ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কালের আলো/এএন/এমএসআইপি 

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারাতো গণতন্ত্রই বিশ্বাস করে না।’

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি লড়াই করেছে। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের দুই দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’

এর আগে বিএনপি মহাসচিব স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’

তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণ করা হবে।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।

এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় আসেন এবং তিনি স্থানীয়দের দীর্ঘ দিনের নানা দুর্ভোগ ও দুর্দশার খোঁজ নেন।

পরে মন্ত্রী উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। দুপুরের মুন্সীগঞ্জ সার্কিট হাউজে একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর।

কালের আলো/এসআর/এএএন

হামে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
হামে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

কালের আলো/এসআর/এএএন

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬ তম বেল্ট বিতরণী আগামীকাল

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬ তম বেল্ট বিতরণী আগামীকাল

রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে আগামীকাল রোববার ( ২১ জুন)   বিকাল ৫ টায় রাজশাহীর শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর  ও  রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক  ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি মোঃ শরফুজ্জামান শামীম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ২০০ জন তায়কোয়ানডো প্রশিক্ষনাথী, অভিভাবকবৃন্দ, রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর কার্যনির্বাহী কমিটির  সদস্যবৃন্দ এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কালের আলো/এএইচ/এমএসআইপি