খুঁজুন
                               
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩
           

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না হাদির ‘বীরত্বগাঁথা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না হাদির ‘বীরত্বগাঁথা’

,

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাথা’র বিষয়টি আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে না।

ইতোমধ্যে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেখানে হাদির বিষয়টি নিয়ে কোনো এজেন্ডা ছিল না।

যদিও ২০২৮ শিক্ষাবর্ষে হাদির বিষয়টি যুক্ত হবে কি না, আগামীতে তা সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে চার নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তবে প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

এ বিষয়ে এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার বলেন, ‘আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পূর্ণ, আমাদের সম্পাদনার কাজ শেষ, বাকি কার্যক্রম শুরু হবে।’

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শরীফ ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।

ইকবাল হায়দার আরও বলেন, ২০২৮ সালের শিক্ষাবর্ষে হাদির বিষয়টি যুক্ত হবে কি না, সে বিষয়ে পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী কাজ করব।’

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে দুই দফায় প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান। ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ছিলেন হাদি।

কালের আলো/এসআর/এএএন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেছেন।

বুধবার (২৪ জুন) তিনি এ রিট দায়ের করেন। আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে যে, কেন প্রতিপক্ষ সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে না, যাতে তারা আইন অনুযায়ী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পেতে পারে। কারণ আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা প্রয়োজন।

একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিপন্থি হওয়ায় সেই বিষয়টিও অবৈধ ও বাতিল চাওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

তিনি বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, এ সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে।

আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান রিজভী।

কালের আলো/এসএকে

ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে অভিযান, একাধিক বাসায় মিলল এডিসের লার্ভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে অভিযান, একাধিক বাসায় মিলল এডিসের লার্ভা

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজধানীর গুলশানে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স। অভিযানে পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হয়। একইসঙ্গে একটি রেস্টুরেন্টে লার্ভা শনাক্ত হওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে ঢাকার গুলশানে ‘গুলশান ইয়ুথ ক্লাব’ মাঠের আশেপাশের এলাকায় অভিযান ‘মশক নিধন অভিযানে’ পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় বেশ কিছু ভবনকে জরিমানাও করা হয়। গুলশানের ৭ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতেই লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের অভিযানটি এই টাস্কফোর্সের প্রথম কার্যক্রম।

এদিকে, আজকের কার্যক্রমে মশার বংশবৃদ্ধি রোধে লার্ভা ধ্বংসকারী দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হচ্ছে। নিজস্ব নিরাপত্তা ও জনস্বার্থে নাগরিকদের ফুলের টব, গাড়ির টায়ার ও পরিত্যক্ত বালতির জমে থাকা পানি পরিষ্কারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/এসআর/এএএন