বেনজীরের জামিন বাতিলের ব্যবস্থা করতে ল’ ফার্মকে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারের নিয়োজিত ল’ ফার্মকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, বেনজীর আহমদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরের বিষয়ে আমি গতকালও কথা বলেছি।
একটি টেলিভিশন চ্যানেল আমাকে প্রশ্ন করার প্রায় এক ঘণ্টা আগে জানতে পারি, ইউএইর একটি আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। শর্ত অনুযায়ী তিনি ইউএই ছেড়ে যেতে পারবেন না।
তিনি বলেন, বিষয়টি জানার পর আমরা ইউএইতে সরকারের নিয়োজিত ল’ ফার্মকে অবহিত করেছি। ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও আমাদের কথা হয়েছে।
আদালত কী কী শর্তে তাকে জামিন দিয়েছেন, তার মধ্যে ইউএই ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জেনেছি। অন্য শর্তগুলো জানতে আদালতের আদেশের সত্যায়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনতে (রিপ্যাট্রিয়েশন) যেসব কাগজপত্র পাঠানো হয়েছে, সেগুলো আদালতে উপস্থাপনের জন্যও ল’ ফার্মকে বলা হয়েছে। পাশাপাশি তারা যেন দ্রুত আদালতে আবেদন করে তার জামিন বাতিলের উদ্যোগ নেয়, সে অনুরোধও করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের বিষয়টি পুরোপুরি না জেনে মন্তব্য করতে চাই না। আমরা ল’ ফার্মকে আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে জামিন বাতিলের জন্য আবেদন করারও নির্দেশনা দিয়েছি। কারণ, তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।
অনেকের মতে, আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক উদ্যোগে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা বেশি-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রক্রিয়াই একসঙ্গে চলছে। আদালতে যাওয়া তার আইনি অধিকার। অন্যদিকে কূটনৈতিক চ্যানেলেও আমরা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছি।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array