খুঁজুন
                               
, ,
           

রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট, ৩২ নম্বরে অতিরিক্ত পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট, ৩২ নম্বরে অতিরিক্ত পুলিশ

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ধানমন্ডির ৩২ নম্বর সড়কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিরাপত্তার অংশ হিসেবে আনা হয়েছে জলকামান। সেখানে দায়িত্ব পালন করছেন শতাধিক পুলিশ সদস্য। মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও।

ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালনরত এপিবিএনের এসআই জহুরুল জানান, ভোর থেকেই তারা সেখানে দায়িত্ব পালন করছেন। রমনা জোনের পুলিশ কমিশনারের নির্দেশে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে এপিবিএনের ৩৩ সদস্য সড়কের দুপাশে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এর আগে শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।

রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদেরও মাঠে রাখা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি/

‘জুলাই ছিল দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
‘জুলাই ছিল দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ’

ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিস্টের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিস্টের মিল নেই। মুসোলিনি, হিটলারের সঙ্গেও তার তুলনা চলে না। তাদের অন্তত নিজস্ব দেশপ্রেম ছিল। তারা জার্মানি বা ইতালিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল।’

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করতেও প্রস্তুত ছিলেন। জনগণের ওপর নির্যাতন ও রক্তপাত হলেও ক্ষমতায় থাকাই তার একমাত্র লক্ষ্য ছিল।

রিজভী বলেন, দীর্ঘদিন ধরে দেশে ভিন্নমত প্রকাশের সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়গুলোতেও বিরোধী মতের কোনো জায়গা ছিল না। ভিন্নমত পোষণ করায় শিক্ষকসহ অনেককে চাকরি হারাতে হয়েছে। এসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমতে জমতে তা জুলাইয়ে বিস্ফোরিত হয়েছে।

‘জুলাইয়ের চেতনা’ প্রসঙ্গে তিনি বলেন, বহুদলীয় ও বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন না ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো ও সমাজ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ফ্যাসিবাদ অন্য কোনো পথ বা চোরাগলি দিয়ে ফিরে আসার চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, অতীতের সরকারের দলীয়করণ, আওয়ামীকরণ, ব্যাংক লুটপাট ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের বিপরীতে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারলেই গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন রিজভী। তার দাবি, গত ১৭ বছরে প্রকৃত অর্থে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেধা বিকাশের পরিবর্তে কৃত্রিমভাবে ফলাফল ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীর প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেবেন। দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য দেবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা  করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যত দিন যাবে রাজশাহী তত এগিয়ে যাবে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে ​পোনা মাছ অবমুক্ত করেন। এরপর একটি বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মৎস্যে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীতে এখন অষ্টম স্থানে, কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। আগামী দিন ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে।

আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে, অনেকে বিএ,এম,এ পাস করছে। অনেকেই অনেক পেশায় যাবে।

তিনি আরও বলেন, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। আগামী দিনে এই জায়গা জমিনের যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার, মিষ্টি পানি, বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরও বেশি হবে। পৃথিবীর এখনো ৭-৮ টা দেশের যুদ্ধ হয় নদীর পানি নিয়ে।

মন্ত্রী আরো বলেন, রাজশাহীর আশেপাশের খাল বিলগুলো ও মাছ চাষের উপযোগী করা হবে। মাছ চাষ করে রাজশাহীর চাষীরা সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমি রাজশাহীর চাষীদের দেশিয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহবান জানাচ্ছি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

কালের আলো/এএইচ/এমএসআইপি