খুঁজুন
                               
, ,
           

দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনী, আভিযানিক সক্ষমতা বাড়াতে চান সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৯:০১ অপরাহ্ণ
দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনী, আভিযানিক সক্ষমতা বাড়াতে চান সেনাপ্রধান

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের সেনাবাহিনীতে রূপান্তরের কর্মযজ্ঞ চলছে প্রতিনিয়ত। লক্ষ্যপূরণে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। নিজেদের দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে তাঁর নেতৃত্বাধীন এই বাহিনীটি পরিপূর্ণভাবে মনোনিবেশ করেছে শীতকালীন প্রশিক্ষণে। ইতোমধ্যেই নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনা সদর ও সকল ফরমেশন পূর্ণাঙ্গরূপে মোতায়েন রয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে ২৪ পদাতিক ডিভিশন ও ৭ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারির শীতকালীন প্রশিক্ষণ পর্যবেক্ষণ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সময়ের সাথে তাল মিলিয়ে সৈনিকদের দৃঢ় মনোবলের মাধ্যমে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন। তিনি জোর দিয়েছেন ‘কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ’ নীতিতে।

নিজের জবানীতেই সেনাপ্রধান তুলে ধরেছেন শীতকালীন এই প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী শান্তিকালীন সময়ে যে বিষয়টা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে সেটা হলো আমাদের প্রশিক্ষণ। আর আমরা যত রকম প্রশিক্ষণ করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো এই শীতকালীন প্রশিক্ষণ।’

সেনাপ্রধান যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে উপস্থিত সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

জানা যায়, গত সোমবার (১৯ ডিসেম্বর) থেকে বারৈয়ারহাটে শুরু হয়েছে সেনাবাহিনীর এই শীতকালীন প্রশিক্ষণ। যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে এখানে প্রদর্শন করা হয় বিভিন্ন কৌশল। পাশাপাশি পরীক্ষা করা হচ্ছে সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক বিভিন্ন সমরাস্ত্র। বাস্তবধর্মী সামরিক সরঞ্জামাদির ব্যবহার এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এসব সরঞ্জামাদি দিয়ে অনায়েসেই ধ্বংস করা যাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান।

ভাগ্যবিড়ম্বিত ৫ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র
বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নের মাধ্যমে ‘জনগণের সেনাবাহিনী’ হিসেবে নিজেদের গড়ে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলা বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যুগোপযোগী করার পাশাপাশি নানাভাবেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে। এদিন সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ নিজ বাহিনীর দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বারৈয়ারহাট এলাকায় মানবিকতার উপহার তুলে দেন ভাগ্যবিড়ম্বিত শীতার্ত মানুষের হাতে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান ৫০০টি দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খুশি স্থানীয় জনসাধারণও।

এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদর এবং চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় থেকেই এ পদমর্যাদা কার্যকর হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি মো. দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২ নম্বরের এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালের আলো/এমএসআইপি/এএইচ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি