খুঁজুন
                               
, ,
           

মানবিকতার আনন্দময় পথচলায় সেপকস, অসহায়ের মুখে উজ্জ্বল হাসির দ্যুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:২৩ অপরাহ্ণ
মানবিকতার আনন্দময় পথচলায় সেপকস, অসহায়ের মুখে উজ্জ্বল হাসির দ্যুতি

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাস্তবিক ভাবানুসঙ্গের নিরন্তর সংশ্লেষ। নিজেদের অনুভূতির সৎ ও অকৃত্রিম প্রকাশ। অনির্বচনীয় মুগ্ধতা ছড়িয়ে ‘সেনা পরিবার কল্যাণ সমিতি’ প্রতিকূল পরিবেশে কূলহীন দরিদ্র ও অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে বিলিয়ে দিয়েছে অন্যরকম আনন্দ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় শীতার্ত এসব পরিবারের হাতে মমত্ববোধ, মহানুভবতা ও উদারনৈতিক মানসিকতার উপহার তুলে দেন সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) সম্মানিত পৃষ্ঠপোষক, সেনানিবাস লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ।

গরিব ও অসহায় এসব পরিবারের সদস্যের চোখে-মুখে ফুটে উঠা উজ্জ্বল হাসির দ্যুতি প্রকারান্তরে যেন সেপকস’র বিশাল মানবিকবোধকেই জাগ্রত করেছে নতুনভাবেই। সেনা পরিবার কল্যাণ সমিতির এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র জীবনসঙ্গী নুরজাহান আহমেদ। এমন মানবিক কার্যক্রমে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য তিনি সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগেও সেনা পরিবার কল্যাণ সমিতি মানবিকতার আনন্দময় পথচলায় চিরায়িত এবং প্রথাগত গন্ডি পেরিয়ে নিজেদের সমর্পণ করেছে।

জানা যায়, অর্জন-সাফল্যের বা মর্যাদার তুল্যমূল্যের হিসেবের চেয়েও মানবিকতার অনন্য রেখাচিত্র আঁকতে সম্মানিত পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ’র দিকনির্দেশনায় সেনা পরিবার কল্যাণ সমিতির প্রতিটি সদস্য কাজ করছেন নিরলস-অবিরাম। ঠিক যেন তাঁরা পূর্ণ করতে চান নিজেদের হৃদয়পুরের মানবিক বৃত্তটিকে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী ও সহ-সভানেত্রী; সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী, সহ- সভানেত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

দেশে খুন-ধর্ষণসহ প্রধান অপরাধ কমেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
দেশে খুন-ধর্ষণসহ প্রধান অপরাধ কমেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গত বছরের একই সময়ের তুলনায় খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ৬০৭টি খুনের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ২ হাজার ৩৩২টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে খুনের ঘটনা কমেছে ২৭৫টি।

এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১১ হাজার ২৬৯টি থেকে কমে ৯ হাজার ৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬টি থেকে কমে ৪ হাজার ৪০২টিতে নেমেছে।

মব সহিংসতার ঘটনাও কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের ৮৯টি ঘটনা চলতি বছরে কমে ৫৬টিতে দাঁড়িয়েছে। সরকার এসব ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও তিনি জানান।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই সময়ে এমন ঘটনা ছিল ৯৯৯টি, যা চলতি বছরে কমে ১৬৩টিতে দাঁড়িয়েছে।

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যু ও বনদস্যু দমনে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে যৌথ অভিযান পরিচালনার কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বহু দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

অপরাধীদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্বে ৩০ মন্ত্রী-হুইপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্বে ৩০ মন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তারা। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও তারা তদারকি করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজন অনুযায়ী জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ড. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার দায়িত্ব পেয়েছেন সুলতান আহমেদ টুকু। গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে। সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব পেয়েছেন মো. জি কে গউস। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রজ্ঞাপনে আরও বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের দায়িত্বপ্রাপ্ত জেলার তালিকা উল্লেখ করা হয়েছে। এই দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

বাংলাদেশে তৈরি হচ্ছে ১৩ মিলিয়ন ডলারের এআই হাব, দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
বাংলাদেশে তৈরি হচ্ছে ১৩ মিলিয়ন ডলারের এআই হাব, দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়ন ও দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে ১৩ মিলিয়ন ডলারের একটি এআই হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় ঢাকায় এই হাব গড়ে তোলা হবে।

বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়িকা) এর মধ্যে এ বিষয়ে ১৩ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি, গবেষণা জোরদার এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিপুলসংখ্যক কর্মী থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও উন্নত প্রযুক্তিতে বিশেষায়িত দক্ষতার ঘাটতি রয়েছে। নতুন এআই হাব এই ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অনলাইন ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষ যুক্ত এবং এই খাত থেকে উল্লেখযোগ্য বৈদেশিক আয় আসে। তবে এআইনির্ভর অর্থনীতিতে আরও এগোতে বিশেষায়িত দক্ষ পেশাজীবী তৈরি করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শুধু এআই প্রযুক্তি ব্যবহার নয়, স্থানীয় পর্যায়ে এআই গবেষণা, উদ্ভাবন ও নতুন প্রযুক্তি তৈরি করার সক্ষমতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাড়ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাবের উদ্যোগে আইটি কার্নিভাল শুরু হয়েছে।

প্রযুক্তিবিদদের ধারণা, এআই ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো গেলে বাংলাদেশের তরুণদের জন্য দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির খাত হিসেবে আরও শক্তিশালী হতে পারে।

কালের আলো/এসএ