খুঁজুন
                               
, ,
           

বিওএ’কে নতুন উচ্চতায় নিতে সেনাপ্রধানের মিশন শুরু, সাফজয়ীরা পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
বিওএ’কে নতুন উচ্চতায় নিতে সেনাপ্রধানের মিশন শুরু, সাফজয়ীরা পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৭তম সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনটিকে নতুন উচ্চতায় নিতে মিশন শুরু করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দায়িত্ব গ্রহণের ২৩ দিনের মাথায় শনিবার (১৬ নভেম্বর) তিনি বিওএ ভবনের বোর্ড রুমে নিজের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা করেছেন। সভায় নিজের স্বপ্ন, পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিজেদের টিম স্পিরিটকে কাজিয়ে লাগিয়ে বিওএ’কে ঢেলে সাজিয়ে দেশের জন্য তিনি নিশ্চিত করতে চান অনন্য সম্মান। এছাড়া এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মাল্টি ডিসিপ্লিনের বাংলাদেশ গেমস প্রতিযোগিতা আগামী বছর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সভাতেই অলিম্পিক ভিলেজ ছাড়াও ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন বিওএ এর নতুন সভাপতি।

সূত্র জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) নিয়ে নতুন স্বপ্ন বুনেছেন নতুন এই সভাপতি। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সাফল্য নিশ্চিতে বিভিন্ন ছক কষেছেন, প্রদান করেছেন সুচিন্তিত দিকনির্দেশনা। নিজ নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য পথযাত্রায় তিনি সংযোজন করতে চান নতুন প্রাণাবেগের। নতুন সভাপতিকে পেয়ে উচ্ছ্বসিত সংগঠনটির কর্মকর্তারাও। তারা বলছেন, পরিকল্পিত উদ্যোগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর দক্ষ ও গতিশীল নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে বিওএ।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগেই বিওএর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে চিঠি দিয়ে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। এর পরপরই সভাপতির শূন্য পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে খসড়া ভোটার ছিলেন ৭১ জন কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশন থেকে এঁদের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় তাঁদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা দাঁড়ায় ৫২ জনের।

  • দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়
  • বাংলাদেশ গেমস প্রতিযোগিতা আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত
  • প্রয়োজনে নিজেদের অর্থায়নে অলিম্পিক ভিলেজ
  • ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর

দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়
জানা যায়, বিওএ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন তিনি নতুন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিওএকে নিয়ে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানান জেনারেল ওয়াকার। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান তাঁর এই প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চলতি বছরের গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সূত্র জানায়, যুগোপযোগী চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমন্বিতভাবে নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে চান। আগের চেয়ে ভালো কিছু উপহার দিতে চান। বাস্তবিক স্বপ্ন, পরিকল্পনা ও লক্ষ্যই মোটা দাগে বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব পরিমন্ডলে লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে উড়ানোর পদক্ষেপ বাস্তবায়ন করতে চান অলিম্পিক এসোসিয়েশনের চির স্বপ্নবাজ এই সভাপতি।

সাফজয়ীরা পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়ে বিওএ ভবনে প্রথম সভায় গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী নারী দলটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্থিক পুরস্কার প্রদান করেছিল। সেনাবাহিনীর প্রধান বরাবরই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ এবং সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা ক’দিন আগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে তাদের জন্য।

আগামী বছর অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস
বাংলাদেশের অলিম্পিক হিসেবে খ্যাত বাংলাদেশ গেমস। মাল্টি ডিসিপ্লিনের এই প্রতিযোগিতা আগামী বছর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। বিওএ সভা শেষে সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন গণমাধ্যমকে বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা হবে।’ প্রসঙ্গত, ১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় আবার এই গেমস শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে শনিবারের (১৬ নভেম্বর) এই সভায়।

প্রয়োজনে নিজেদের অর্থায়নে অলিম্পিক ভিলেজ
বিওএ এর নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানান, ‘আমাদের নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মানোন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

অলিম্পিক ভিলেজ ছাড়াও বিওএ নতুন সভাপতি ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন। এই বিষয়ে বিওএ সহ-সভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। উনার সম্পুর্ন ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মানোন্নয়নের জন্য।’

কালের আলো/এমএএএমকে

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ