খুঁজুন
                               
, ,
           

বিশ্বের বুকে সমুন্নত লাল-সবুজের পতাকা, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পিএসও

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
বিশ্বের বুকে সমুন্নত লাল-সবুজের পতাকা, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পিএসও

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বিশ্বে শান্তির প্রশ্নে তাঁরা উন্নত মমশির। টানা ৩৬ বছরের দীর্ঘ পথচলায় দেশে দেশে শান্তি ফেরাতে দুর্গম রুক্ষ আর বন্ধুর সব প্রান্তরে অজস্র বিনিদ্র রাত আর রক্ত-ঘাম ঝরা দিন কাটিয়েছেন বাংলার শান্তিরক্ষীরা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের বুকে সমুন্নত রেখেছেন লাল-সবুজের পতাকা। অর্জন করেছেন বিশ্বের বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের গৌরব-মর্যাদা। বিশ্বব্যাপী শান্তিরক্ষা ও শান্তি-বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারকে বিশ্বমঞ্চে পুনর্ব্যক্ত করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল-এর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থাপন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিজ দেশের ৩৬ বছরের অভিজ্ঞতার গল্প। জানিয়ে দিলেন জাতিসংঘের এই কার্যক্রমে সাহস, দৃঢ়তা, শৃঙ্খলা, আত্মত্যাগের ব্রত আর মানবিকতায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও গৌরবময় ভূমিকার কথা। অনেক স্মৃতির ভাঁজে ভাঁজে অমলিন দিনগুলোর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলেন বিশ্বমঞ্চে। স্মৃতিকাতরতায় আচ্ছন্ন না হয়েই পরিপ্লুত সেসব দিন ও ক্ষণের কথা উচ্চারণ করলেন।

বিশ্ব শান্তির একনিষ্ঠ প্রবক্তা হিসেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রতিষ্ঠিত করেছে নিজেদের। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহ-আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ায় এই দ্বিতীয় প্রস্তুতিমূলক সভার আয়োজন করে বাংলাদেশ। বৈশ্বিক এই মঞ্চে প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা যায়, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান হয়ে ওঠেন বাংলাদেশের প্রধান কণ্ঠস্বর। বিশ্ব শান্তিরক্ষী প্রেরণকারী অন্যান্য দেশ ও নিজেদের মধ্যে এক অবিভাজ্য মেলবন্ধন গড়ে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বিশ্বশান্তির জন্য অকাতরে জীবন বিসর্জনকারী শান্তিরক্ষীদের আত্মত্যাগ তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। বাংলাদেশি শান্তিরক্ষীরা শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বীরত্বপূর্ণ সাহসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশে দেশে সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছেন দেশর ভাবমূর্তিকে-সবকিছুই ওঠে আসে তাঁর তাৎপর্যপূর্ণ বক্তব্যে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গত ৪ থেকে ৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল ২০২৫’র দ্বিতীয় প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ এই সফরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল ক্যাথারিন পোলার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে পারস্পরিক মতবিনিময় করেন। এতে করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগে সংকট মোকাবিলায় এমনিতেই বিকল্পহীন বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী। আবার বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বড় অনুপ্রেরণার নাম হয়ে ওঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। ১৯৮৮ সালে ইরাক শান্তি মিশনে মাত্র ১৫ জন সেনাসদস্যের যোগ দেওয়ার মধ্য দিয়ে যে শুভযাত্রার সূচনা হয়েছিল; সংখ্যা ও গুণগত দিক থেকে ৩৭ ছুঁই ছুঁই সময়ে তাঁর বহুল বিস্তৃতি উৎসাহব্যঞ্জক। শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ও ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে শেষ করেছে। প্রমাণ করেছে তাঁরা সেরাদের সেরা।

কালের আলো/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি