খুঁজুন
                               
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ, ১৪৩৩
           

ঢাকার আকাশ প্রতিরক্ষায় ‘অত্যাবশ্যক’ বিমানঘাঁটি, দুর্ঘটনার তদন্ত সহায়তায় আসতে পারে চীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
ঢাকার আকাশ প্রতিরক্ষায় ‘অত্যাবশ্যক’ বিমানঘাঁটি, দুর্ঘটনার তদন্ত সহায়তায় আসতে পারে চীন

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশে গত এক দশকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এর কোনোটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন। কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে। তবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের মতো প্রাণঘাতী যুদ্ধবিমান দুর্ঘটনার নজির অতীতে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। দগ্ধ ও আহত ৩৪ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচে ও ১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্বের অন্যতম ঘনবসতির শহর ঢাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ পরিচালনা কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রাজনীতিকরাও নানান কথা বলছেন।

এই আলোচনার মধ্যেই বিমান বাহিনী সদর দপ্তর জানিয়েছে, ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরিয়ে নেওয়ার কোন পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি রাখা অত্যাবশ্যক। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে (পুরাতন পিএসসি ভবনে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম এই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘রাজধানীর স্ট্র্যাটিজিক এবং অপারেশনাল নেসিসিটির সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাইলস্টোনে সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনার মূল কারণ চিহ্নিত করতে ও তদন্তকাজে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুরু থেকেই উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্তকাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলেও মনে করছে বিমান বাহিনী সদর দপ্তর। সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ এসব তথ্যের পাশাপাশি দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরা হয়। বলা হয়, ‘সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংকালে অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে।’

  • অপারেশনাল এবং স্ট্র্যাটিজিক নেসিসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক
    এয়ার কমডোর শহীদুল ইসলাম
    পরিচালক
    বিমান পরিচালনা পরিদপ্তর
    বাংলাদেশ বিমান বাহিনী

ঢাকার মতো জনবহুল এলাকার ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কতটা নিরাপদ এবং যৌক্তিক এসব নিয়ে নানামুখী আলোচনা চলছে। মাইলস্টোনের প্রাণহানির পর বাংলাদেশ বিমান বাহিনীর নানা কার্যক্রমের বিষয়ে অবহিত করতে সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। সেখানেও তারা একই রকম প্রশ্নের মুখোমুখি হন। তাঁরা যৌক্তিতা তুলে ধরেই প্রতিটি প্রশ্নের জবাব দেন।

‘অপারেশনাল এবং স্ট্র্যাটিজিক নেসিসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক’
এক প্রশ্নের জবাবে বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম বলেন, ‘যুদ্ধবিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেনটেইনেন্স এবং লজিস্টিকস ফ্যাসিলিটিজ, ফুয়েল স্টোরেজ, রেডার ফ্যাসিলিটিজ এর সবগুলাই দরকার হয়। বিমান ঘাঁটিগুলো যেখানেই থাকুক, ফ্যাসিলিটিগুলো থাকতে হয়। কিন্তু অপারেশনাল এবং স্ট্র্যাটিজিক নেসিসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক।’

তিনি বলেন, ‘জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় ট্রেনিং সারা বছরব্যাপী চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি।’ প্রশিক্ষণ বিমানগুলোতে দুইজন পাইলট থাকেন এবং ‘সিঙ্গেল সিটার’ যুদ্ধ বিমানুগলোর ‘ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সহই’ যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা। মাইলস্টোনে বিধ্বস্ত হওয়া জঙ্গি বিমানটির বৈমানিক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সঙ্গে আকাশে থাকা অবস্থায় যোগাযোগ ছিল কি-না জানতে চাইলে এয়ার কমডোর শহীদুল ইসলাম বলেন, ‘আমরা যখন বিমান উড্ডয়ন করি তখন আবশ্যিকভাবে বিমানের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল, রেডার স্কোয়াড্রন এবং অন্যান্য কন্ট্রোলিং এজেন্সির সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। এক্ষেত্রেও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সঙ্গে একইভাবে সার্বক্ষণিকভাবে যোগাযোগ বিদ্যমান ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও যখন ল্যান্ড করার জন্য আসছিল, আমাদের সাথে পরিপূর্ণভাবে সংযোগ ছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে।’

শেষ মুহুর্তে পাইলট তৌকিরের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কী কথা হয়েছিল, সে বিষয়েও সাংবাদিকরা জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করেছে, তার সর্বশেষ অ্যাকশন কী ছিল এবং কোনো ধরনের জটিলতা ছিল কি না বা কোনো গোলযোগের সম্মুখীন হয়েছিল কি-না, এ বিষয়গুলো তদন্ত পরিষদে বিস্তারিত আসবে। আমরা তদন্ত চলাকালে কোনোরূপ আলাদা পর্যালোচনা বা মন্তব্য থেকে বিরত থাকব।’ পাইলট শেষ মুহূর্তে কোনো ধরনের জটিলতায় পড়েছিলেন কি-না, তিনি কোনো সাহায্য চেয়েছিলেন কি-না, এসব বিষয়ে তদন্ত চলাকালে কোনো মন্তব্য করতে আপত্তি প্রকাশ করেন এয়ার কমডোর শহীদুল।

বিমান বাহিনীর নানাবিধ মানবিক কার্যক্রম, তদন্ত সহায়তায় আসতে পারে চীনের প্রতিনিধি দল
বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি উচ্চতা হারায় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। বিমানবন্দরের এত কাছে মাইলস্টোন ক্যাম্পাস এবং ভবনের উচ্চতা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনে। এ প্রশ্নের জবাব দেন বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘আপনারা জানেন এখন অনেক কিছু অনুমান নির্ভর আসছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলমান। প্রত্যেকটা বিষয় তদন্ত প্রক্রিয়ায় চলে আসবে। আমাদের একটাই কথা, আমাদের তদন্ত প্রতিবেদন আসুক। মাইলস্টোনের বিষয়টিও তদন্তে আসবে, জাতীয় পর্যায়েও একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রত্যেকটা বিষয় আমাদের তদন্তে নিয়ে আসব। কোনো একটা বিষয় আমরা বাদ দেব না।’

বিমান বাহিনী সোমবার মাইলস্টোনে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে জানিয়ে এয়ার কমডোর মিজানুর বলেন, ‘সেখানে একজন মনোবিজ্ঞানী একজন মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন। তারা নিয়মিত সেখানে কাজ করবেন।’ বিধ্বস্ত এফটি-৭ বিজিওয়ান বিমানটি চীনের তৈরি। সে কারণে তদন্তে সহায়তার জন্য চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের এই প্রধান। তাঁর ভাষ্য হচ্ছে- ‘তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে।’ তিনি বলেন, ‘ঘটনার দিন বাংলাদেশ বিমানবাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে সম্মানিত বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য গত ২১ জুলাই ‘জরুরি সহায়তা কেন্দ্র’ গঠন করা হয়।’

বিমান বাহিনীর কার্যক্রম ধারাবাহিকভাবে তুলে ধরে জানানো হয়, জরুরি সহায়তা কেন্দ্র থেকে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান, চিকিৎসা সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ এবং সংগ্রহে সহায়তা এবং যেকোনো জরুরি তথ্য, পরামর্শ ইত্যাদি সহায়তার কাজ করে যাচ্ছে। এছাড়া দুর্ঘটনার পরের দিন বাংলাদেশ বিমান বাহিনী আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সিএমএইচ -এ দুটি সমন্বয় সেল গঠন করে যা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। ২২ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন।

  • তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে
    এয়ার কমডোর মো. মিজানুর রহমান
    প্রধান সমন্বয়ক
    বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্র
    বাংলাদেশ বিমান বাহিনী

২৩ জুলাই বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম ও উপাধ্যক্ষসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সমন্বয় সভায় দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রম সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের ব্যাপারে পুনরায় নিশ্চয়তা দেয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুলবুঝাবুঝি হয়েছে স্কুল কর্তৃপক্ষের সহায়তায় সেটা দূর করা সম্ভব হয়।

নিহতদের প্রতি শ্রদ্ধা এবং পরিবারের পাশে থেকে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সামরিক কায়দায় সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেয়া হয়। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য শিক্ষিকা মেহেরীন চৌধুরী ও শিক্ষিকা মাশুকা বেগমের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি সামরিক কায়দায় সম্মান জানানো হয়। একই ধারাবাহিকতায় এ পর্যন্ত নিহত ১৭ জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান সস্ত্রীক দুর্ঘটনা ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন। নিহত শিক্ষার্থীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে রুহের মাগফেরাত কামনা করেন। গত ২৫ জুলাই সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে এবং একই দিনে বাদ আসর সকল ঘাঁটি ও ইউনিটের অফিসারস মেসে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংহতি ও সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসেবে গত ২৪ জুলাই বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল শাহীন স্কুল, বিএএফ হাজী আশরাফ আলী স্কুল, শাহীন ইংলিশ মিডিয়াম ও ব্লো স্কাই স্কুলে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও গত ২৬ জুলাই ঢাকা বিএএফ শাহীন কলেজ ও বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত দুটি প্রতিনিধিদল উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে শোকবার্তা পৌঁছে দেন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহায়তা প্রদানসহ বিমান বাহিনী সর্বদা তাদের পাশে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

কালের আলো/এমএএএমকে

শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে : প্রতিমন্ত্রী

মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তে রাজি না হলে দেশটির শ্রমবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।

বুধবার (৬ মে) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা ব‌লেন।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার বাজার ২০০৮ সালে প্রথম বন্ধ হয়। এরপর ২০১৬ সালে চালু হয়ে ১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর ২২-এ চালু হলে ২৪-এ বন্ধ হয়, যা এখনো বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় একাধিকবার বৈঠক ও সফর হয়েছিল, তবুও এই বাজার চালু হয়নি। কারণ মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছিল; যে শর্ত মানলে বাংলাদেশে ৫টি থেকে ৭টি এজেন্সির বেশি কেউ কর্মী পাঠাতে পারবে না।

নূরুল হক বলেন, পরবর্তীতে ৩টি শর্ত মওকুফ করে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেওয়া হয়েছে। তবুও বাস্তবতা হচ্ছে মার্কেট বন্ধই আছে। আমরা যদি সিন্ডিকেট কিংবা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম, যাই বলেন, তাদের এই ধরনের শর্তে রাজি না হই, তবে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবেই থাকবে।

তিনি ব‌লেন, আমাদের মন্ত্রী কিছুদিন আগে সেখানে সফর করে বলে এসেছেন যে, তাদের শর্তে যে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেওয়া হয়েছে, সেই এজেন্সিগুলোকে যেন কর্মী পাঠানোর অনুমোদন দিয়ে দেওয়া হয়।

কালের আলো/এসএকে

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু

Oplus_131072

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এই ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা কার্যকর হয়। এতে ট্রাফিক আইন ভাঙলেই ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে এবং সংশ্লিষ্ট মালিক ও চালকের ঠিকানায় নোটিশ পাঠানো হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, সড়কে আইন অমান্য করলেই এখন থেকে অটো মামলা রেকর্ড হবে। নোটিশ ডাকযোগে পাঠানো হবে এবং নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া নেওয়া হতে পারে।

এর আগে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই প্রযুক্তি চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন বা ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, লাল সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন অপরাধে ভিডিও ও ছবি প্রমাণ হিসেবে ব্যবহার করে মামলা দেওয়া হচ্ছে।

গণ-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিসি ক্যামেরার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করা যাবে না। কোনো প্রতারণামূলক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে এআই-সমর্থিত ক্যামেরা বসানো হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন প্রক্রিয়া সম্পন্ন করছে।

কালের আলো/এসএকে

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায়। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।

কালের আলো/এসএকে