খুঁজুন
                               
, ,
           

ইরান পুলিশের সতর্কতা

যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে

ইরানের সাধারণ জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করার সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই বিদেশি আহ্বানে সাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ‘দেশের শত্রু’ হিসেবে গণ্য করা হবে।

গত কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানিদের সরকারবিরোধী আন্দোলনে নামার প্ররোচনা দিচ্ছেন।

বিশেষ করে গতকাল মঙ্গলবার একদিনেই দুইবার ভিডিও বার্তার মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে বিদ্রোহ করার উসকানি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এই পরিস্থিতির প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদান। দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা শত্রুদের কথায় প্ররোচিত হয়ে এ মুহূর্তে রাস্তায় নামবে, তাদের সাধারণ বিক্ষোভকারী নয় বরং রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও স্পষ্ট করেন যে, বিদেশি শক্তির ইন্ধনে যারা অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মূলত তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন ও তেল আবিব একযোগে এই প্রচারণায় নেমেছে বলে ধারণা করা হচ্ছে।

কালের আলো/এসএম/এএএন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি বাহিনীর প্রতিপূরণ সংক্রান্ত প্রক্রিয়া সহজ করায় ডিওএসকে ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য ডিওএস-এর পরিবেশ বিভাগকেও সাধুবাদ জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত ক্ষতি হ্রাস করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশই বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে।

এই খাতের বিশেষায়িত অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে জাতিসংঘের সহযোগিতায় ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি স্থাপনে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রতিকূল বা শত্রুভাবাপন্ন পরিস্থিতিতে শান্তিরক্ষীদের পর্যাপ্ত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন।

হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রচলিত ইউনিটের চেয়ে এই দলগুলো সোয়াত, র‍্যাপিড রেসপন্স প্ল্যাটুন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সংগঠিত অপরাধ ও সাইবার ক্রাইম তদন্ত এবং মাদকবিরোধী অভিযানে বিশেষভাবে পারদর্শী।

হাইতিতে এই বিশেষায়িত সক্ষমতার সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই বাংলাদেশ পুলিশের একটি ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দফতরে এমওইউ আলোচনায় অংশ নেবে। পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্যান্য দেশের স্ব-নির্ভর ইউনিটের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ টিম বা প্ল্যাটুন মোতায়েন করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

আলোচনার শেষ ভাগে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীল পতাকাতলে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পেশাদারিত্ব এবং জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে বিশ্ব শান্তিরক্ষা আরও এক ধাপ এগিয়ে যাবে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে তিনি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবসমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

ইরানের রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এ নিয়ে চতুর্থ দিনে গড়ানো শোকমিছিলেও দেখা গেছে জনসমুদ্র।

মঙ্গলবার (৭ জুলাই) সেখানে তার মরদেহ নিয়ে শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে একটি হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, লাখো-লাখো মানুষ ওই শোক মিছিলে অংশ নেন। অনেকের মতে, ১৯৮৯ সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাকে করে খামেনির মরদেহের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। শোক মিছিলটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়

কালো পোশাক পরিহিত শোকাহত মানুষেরা কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সি এক নাতনির মরদেহও ছিল।

কালের আলো/আরডি/এমডিএইচ

ছয় দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ছয় দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য এ অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।

চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। একই সঙ্গে অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে বক্তব্য দেন তারা।

কালের আলো/জেএন/এমএসআইপি