রায়হান রাফীর নতুন হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অভিনব প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতা রায়হান রাফী, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরীসহ সিনেমার কলাকুশলীরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রকাশ করেন সিনেমাটির প্রথম পোস্টার।
পোস্টারে দেখা যায়, একটি বেদিসদৃশ উঁচু স্থাপনার ওপর দাঁড়িয়ে আছেন সিনেমার পাঁচ গুরুত্বপূর্ণ চরিত্র। মাঝখানে রয়েছেন নাজিফা তুষি। তাঁর পেছনে কালো-ধূসর মেঘের মধ্যে দেখা যাচ্ছে রহস্যময় এক বৃত্তাকার আলোর বলয়। চারপাশের ধোঁয়া ও কুয়াশা পোস্টারে তৈরি করেছে ভৌতিক এক আবহ।
তুষির দুই পাশে রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার ও ফররুখ আহমেদ রেহান। পাঁচজনের পরনেই সাদা পোশাক। তবে তাঁদের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি ও দৃষ্টির কারণে পোস্টারটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
‘আন্ধার’-এর গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘আন্ধার’। সিনেমাটিতে রয়েছে বড় পরিসরের ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
সিয়াম, চঞ্চল ও তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন ও স্বর্ণালী চৈতি।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ২০২৬ সালের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পূজার ছুটিতে প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য উৎসবের আমেজ তৈরি করাই তাঁদের লক্ষ্য।
পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির রহস্যময় আবহ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা—‘আন্ধার’ পর্দায় কতটা ভয় ও রহস্যের অভিজ্ঞতা দিতে পারে।
কালের আলো/এসএ
আপনার মতামত লিখুন
Array