খুঁজুন
                               
, ,
           

স্বাস্থ্যখাতে ৫ বছর মেয়াদি যৌথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
স্বাস্থ্যখাতে ৫ বছর মেয়াদি যৌথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এ লক্ষ্যে দ্রুত একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা নিয়মিত বৈঠকের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র ও কাঠামো নির্ধারণ করবে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ মোকাবিলা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, এইডস ও যক্ষ্মা প্রতিরোধ, চিকিৎসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং হাসপাতালের অবকাঠামো শক্তিশালীকরণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয়পক্ষ কীভাবে একে অপরকে সহায়তা করতে পারে, তা নির্ধারণে কাজ করবে এই যৌথ প্ল্যাটফর্ম।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে, যেখানে উভয় পক্ষের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে সহযোগিতার ধরন, সহায়তার ক্ষেত্র এবং বিনিয়োগ কাঠামো নির্ধারণ করবে। এরইমধ্যে প্রায় ৯১ মিলিয়ন ডলারের একটি অর্থায়ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা ঋণের পাশাপাশি অনুদান বা কারিগরি সহায়তা হিসেবেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা প্রয়োজন, সেগুলো এরইমধ্যে অংশীদারদের সামনে তুলে ধরা হয়েছে। আগামী মে মাসের মধ্যে একটি সুস্পষ্ট রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, এটি মূলত একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ পরিকল্পনায় রূপ নেবে। তিনি উল্লেখ করেন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, মহামারি মোকাবিলা এবং স্বাস্থ্য নজরদারি (সারভেলেন্স) ব্যবস্থা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য মহামারি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে দ্রুত রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানো জরুরি।

মাতৃ ও শিশুস্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন ও অগ্রাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত গ্রহণ না করে পারস্পরিক আলোচনার মাধ্যমে যৌথভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

তিনি জানান, আগামী দুই মাস উভয়পক্ষ একসঙ্গে কাজ করে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করবে, যা পরবর্তী পাঁচ বছরে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের আলো/এসএকে

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও টিকে আছে। এবার তাদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, রোববার সকালে তাদের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। সে ম্যাচ জিতলে নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আরও এগিয়ে যাবে আর্জেন্টিনা।

তবে সম্ভাব্য সে ফাইনাল ঘিরে লিওনেল মেসির সামনে একটা শঙ্কাও এসে দাঁড়িয়েছে। সে ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে সে নিষেধাজ্ঞা আসতে পারে মেজর লিগ সকার থেকে। এমএলএসের সঙ্গে সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। কারণ, অল-স্টার গেমের কাছাকাছি সময়েই পড়তে পারে বিশ্বকাপ ফাইনাল।

মূল ঘটনাটি এমন, এবারও এমএলএস অল-স্টার গেমের জন্য নির্বাচিত হয়েছেন মেসি। আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট, যা আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালের মাত্র ১০ দিন পরের ঘটনা।

বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচ খেলার মানসিক ও শারীরিক চাপ অনেক বেশি। তাই আর্জেন্টিনা ফাইনালে উঠলে কিছুটা বিশ্রামের জন্য অল-স্টার গেমে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন মেসি। তবে এতে আবারও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন তিনি।

গত মৌসুমে মেসি ও জর্দি আলবা দুজনেই এই ইভেন্টে খেলেননি। এতে দুজনকেই একটি করে ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এবার আর্জেন্টিনার অধিনায়ক মেসি এবং তার সতীর্থ রদ্রিগো দে পল নির্বাচিত হয়েছেন এই ইভেন্টের জন্য। তবে ২০২৫ সালের চেয়ে এবার মেসির কাছে অনুপস্থিত থাকার আরও ভালো কারণ থাকবে, তাই হয়তো গতবারের মতো শাস্তি নাও পেতে পারেন তিনি।

২০২৬ এমএলএস অল-স্টার গেম অনুষ্ঠিত হবে ২৯ জুলাই, নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টানা তৃতীয় মৌসুম এবং গত ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবারের মতো লিগা এমএক্সের সেরা একাদশের বিপক্ষে মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল।

এবারের আসরে তারকার অভাব হবে না। থমাস মুলার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস), সন হিউং-মিন (এলএএফসি) এবং সম্ভবত মেসির (ইন্টার মিয়ামি) মতো তারকারা অংশ নেবেন এই আয়োজনে, যা গ্রীষ্মের অন্যতম আলোচিত ইভেন্ট হয়ে উঠতে যাচ্ছে।

এদিকে আসন্ন বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রোববার কানসাস সিটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

 

আঞ্চলিক উত্তেজনা ইস্যুতে কাতারের আমির ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
আঞ্চলিক উত্তেজনা ইস্যুতে কাতারের আমির ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

কাতারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হন।

দুই নেতা আন্তর্জাতিক নৌপথ ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপরও জোর দেন। বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে সব পক্ষের সহযোগিতা চেয়েছেন তারা।

এছাড়া অঞ্চলে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং সংলাপভিত্তিক সমাধানের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন দুই নেতা।

কালের আলো/জেএন/এমএসআইপি 

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে দিনের প্রথম কর্মসূচিতে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি নান্দাইলে শশা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলস কাজ করছে।

তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ