খুঁজুন
                               
, ,
           

বৈদেশিক সাহায্য ছাড় হ্রাস

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
বৈদেশিক সাহায্য ছাড় হ্রাস

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক সাহায্য ছাড়ের ক্ষেত্রে বড় ধরনের হ্রাস লক্ষ করা গেছে। গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক ঋণের অর্থছাড় হয়েছিল ৪১৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার ডলার। কিন্তু চলতি অর্থবছরে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩০৫ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলারে। অর্থাৎ মাত্র আট মাসেই ঋণছাড়ে ১০৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলারের বড় ব্যবধান তৈরি হয়েছে। এই হ্রাসে ঋণ অংশ সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। অনুদান কিছুটা কমলেও তা প্রায় অপরিবর্তিত রয়েছে।

চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতিও বিশ্লেষণযোগ্য। মোট ঋণের প্রতিশ্রুতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ছিল ২৩৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রতিশ্রুতি এসেছে ২৪৩ কোটি ১০ লাখ ৬০ হাজার ডলার। প্রতিশ্রুতির বৃদ্ধি থাকলেও প্রকৃত ঋণছাড়ের হ্রাস প্রকল্প বাস্তবায়নের অক্ষমতা ও প্রশাসনিক ব্যস্ততার কারণে ঘটেছে।

যদি অনুদান এবং ঋণের প্রতিশ্রুতির ভিন্নতা লক্ষ করা হয়। দেখা যায় ঋণ প্রতিশ্রুতি বেড়েছে, যা ২০৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২৯ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ডলারে। অপরদিকে অনুদান প্রতিশ্রুতি ৩১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার থেকে কমে ১৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার ডলারে নেমেছে। অর্থাৎ ঋণ অংশ বেড়েছে, কিন্তু অনুদান কমে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে।

ঋণ পরিশোধের চাপও বাড়ছে। গত অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধ করতে হয়েছিল ২৬৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ডলার। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৯৭ লাখ ডলারে। এর মধ্যে আসলের পরিশোধ হয়েছে ১৯৪ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার এবং সুদ পরিশোধ করতে হয়েছে ৯৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার ৩৯৩ কোটি ৮২ লাখ টাকা। ঋণ পরিশোধ বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক বাজেটের ওপর চাপ বেড়েছে এবং ঋণ ব্যবস্থাপনায় অতিরিক্ত দায় তৈরি হয়েছে।

ঋণছাড়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের অবদানও গুরুত্বপূর্ণ। গত আট মাসে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া, যা ৭৫ কোটি ৫১ লাখ ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাংক, যা দিয়েছে ৬৩ কোটি ৬০ লাখ ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৫৬ কোটি ৬১ লাখ ডলার। চীন ও ভারত যথাক্রমে ২৫ কোটি ডলার ও ২৫ কোটি ৭৭ লাখ ডলার ঋণ ছাড় করেছে। জাপান থেকে এসেছে প্রায় ১৯ কোটি ডলার। অর্থাৎ ঋণছাড়ে আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের ব্যর্থতা ঋণের সুফল দেশের নাগরিক পর্যায়ে পৌঁছতে বাধা দিচ্ছে।

কালের আলো/এম/এএইচ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৪১ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার এবং ২ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

কালের আলো/এমএসআইপি/ডিএইচ

কলাবাগানের বাসায় অশ্রুসিক্ত দীপু মনি, আবেগপ্রবণ স্বজনরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
কলাবাগানের বাসায় অশ্রুসিক্ত দীপু মনি, আবেগপ্রবণ স্বজনরা

স্বামী তৌফিক নাওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় কলাবাগানের বাসায় নেওয়া হয়।

 সকাল সোয়া ৯টায় তিনি সেখানে পৌঁছান।

এ সময় প্রিজন ভ্যানে রাখা দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। তার স্বজনরাও আবেগপ্রবণ হয়ে যান।

এ বিষয়ে কলাবাগান থানার ওসি ফজলে আশিক গণমাধ্যমকে বলেন, ‘কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

তিনি এখন সেখানেই আছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।

এর আগে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।

জানা যায়, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ আজ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরে যেতে হবে বলে তার আইনজীবী আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন। স্বামীর মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান।

কালের আলো/এমএসআইপি/ডিএইচ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে এলো বাংলাদেশের জন্য গর্বের খবর। বিশ্বের ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হয়ে বাংলাদেশের সাফল্য আরও উজ্জ্বল করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে তিনি হিফজ বিভাগে বিশ্বসেরার মর্যাদা অর্জন করেন।

মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর গভীর মর্মার্থ অনুধাবন এবং কোরআন চর্চায় অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া বিশ্বজুড়ে থাকা হাফেজদের সম্মান জানানো এবং তাদের মেধা মূল্যায়নে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রেখে আসছে।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল, যার সমাপনী অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। অন্যদিকে পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয় মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। আয়োজকদের মতে, এটিই প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার বাজেট।

কালের আলো/আরডি/এমডিএইচ