জ্বালানির জন্য ইইউ-যুক্তরাজ্যে প্রতিবাদ মাত্র শুরু হয়েছে: দিমিত্রিয়েভ
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি সংকটজনিত বিক্ষোভ প্রতিবাদ ধীরে-ধীর আরও বৃহৎ আকার ধারণ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিক্ষোভ প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় কৃষকরা।
এমন পরিস্থিতে সতর্ক বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রেভ।
তিনি তার এক্স পোস্টে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে জ্বালানি প্রতিবাদ মাত্র শুরু হয়েছে। এটি ইউরোপীয় আমলাদের ভুল জ্বালানি নীতির ফল। রাশিয়ান ও পারমাণবিক শক্তি থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি আরও দাবি করেন, প্রথমে কৃষকেরা আন্দোলনে নামবে, এরপর শিল্প শ্রমিকরা। কারণ শিল্পখাত ধীরে ধীরে অবনতি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডে টানা পাঁচ দিন ধরে বিক্ষোভকারীরা ট্রাক ও ট্র্যাক্টর ব্যবহার করে দেশের একমাত্র তেল শোধনাগার, বন্দর এবং মহাসড়ক অবরোধ করেছে। জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচি চালানো হয়।
এর ফলে আয়ারল্যান্ডের ১,৬০০ পেট্রোল স্টেশনের মধ্যে প্রায় ৬০০টি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array