খুঁজুন
                               
, ,
           

কঠোর নিরাপত্তায় শুরু এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
কঠোর নিরাপত্তায় শুরু এসএসসি পরীক্ষা

দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। অধিকাংশ কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীর প্রবেশপত্র ও প্রয়োজনের বাইরে বাড়তি কোনো কাগজপত্র সঙ্গে আছে কি না, তা দেখা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করেন। অন্য দিনের চেয়ে আজ ঢাকায় আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় গরম কম। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন তারা। তবে কেউ কেউ যানজটের ভোগান্তি মাড়িয়ে কেন্দ্রে আসতে হয়েছে বলেও অভিযোগ করেছেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তার মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ চার হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এবার নিয়মিত পরীক্ষার্থী ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে উত্তীর্ণ হতে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষক-পরীক্ষার্থীসহ প্রত্যেককে বোর্ডের সব নীতিমালা মেনে চলতে হবে। সুষ্ঠু পরীক্ষা আয়োজনে আমরা ভিজিল্যান্স টিমসহ মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছি। অসদুপায় অবলম্বনে ছাড় দেওয়া হবে না।

কালের আলো/এসআর/ এএএন

দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

আগামী এক মাসের মধ্যে যুক্তিসঙ্গত দাবিগুলো সমাধানের আশ্বাসে দেশব্যাপী ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতের পর ন্যাম ভবনের অভ‍্যর্থনা কক্ষে সংশ্লিষ্ট সকল পক্ষের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের এই যৌথ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা, হাইকোর্টের রায় অনুযায়ী লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ মালিকদের একগুচ্ছ যৌক্তিক দাবির বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে বৈঠকের মাধ্যমে এসব দাবি নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

এ ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে একমত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জনদুর্ভোগ এড়াতে এবং অচল অবস্থা নিরসনে তাৎক্ষণিকভাবে সব পক্ষকে নিয়ে বৈঠক আয়োজন করা হয়। এক মাসের মধ্যে এসব দাবি আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে এবং জনদুর্ভোগ এড়াতে সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখে আমরা আগামীকালকের (বুধবার) ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।

তিনি সারা দেশের সাড়ে সাত হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের অবিলম্বে গাড়ি চালু রাখার অনুরোধ জানিয়ে বলেন, ঘোষণার পরপরই যেন কোনো রোগী বা মৃতদেহের স্বজনরা কষ্ট না পান, সেদিকে খেয়াল রেখে সকল অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখতে হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

শওকত আজিজ রাসেল বলেন, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন।

তিনি জানান, পুরোপুরি বন্ধ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/এসএকে

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালায় সৌদি ও মার্কিনিদের যুদ্ধবিমান।

পিএমএফ এক সময় সশস্ত্র গোষ্ঠী থাকলেও ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের একীভূত করা হয়। এই গ্রুপে আবার আলাদা আলাদা কয়েকটি দল রয়েছে।

পিএমএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালাতে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে একাধিক মিলিটারি সদরদপ্তর, সামরিক যান এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে পিএমএফের ৩০নং ব্রিগেড আলাদা এক বিবৃতিতে জানিয়েছিল, রাত ৩টা ২০ মিনিটের দিকে নিনেভেহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাতবার বিমান হামলা চালানো হয়েছে। আর শুধুমাত্র সেখানেই ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক ডেকেছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ইরানের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা বাসররা হামলাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

সৌদি আরবও হামলার তথ্য স্বীকার করেছে। দেশটি বলেছে, তারা নতুন করে আর উত্তেজনা চায় না। কিন্তু উত্তেজনা বৃদ্ধি পেলে এরজন্য তারা প্রস্তুত।

সূত্র: সিএনএন

কালের আলো/এএইচ/এমএসআইপি