খুঁজুন
                               
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ধরে রাখতে চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ধরে রাখতে চায় ঢাকা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে। প্রায় পাঁচ বছর পর বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ-ইইউ কূটনৈতিক পরামর্শ বৈঠকে এ বিষয়টি উঠে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং ইইউর ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জভাইল।

বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি উভয় পক্ষ বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক অনুমোদনকে স্বাগত জানায় এবং আশা প্রকাশ করে, অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি কাঠামোবদ্ধ ও বিস্তৃত ভিত্তি তৈরি করবে।

ইইউ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়াকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদনের উল্লেখ করে।

এ ছাড়া উক্ত বৈঠকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে মতবিনিময় হয়। বাংলাদেশ ‘হরাইজন ইউরোপ’-এ আরও বিস্তৃত অংশগ্রহণের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশ শ্রম খাতে সংস্কারের অগ্রগতি তুলে ধরে নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে বাংলাদেশ তার ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে বাড়তি সহায়তা কামনা করে। এ ক্ষেত্রে ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া বৈঠকে বর্তমান মধ্যপ্রাচ্য সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও টেকসই মনোযোগ প্রয়োজন বলে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে।

কালের আলো/এসএকে

ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করেন। ছবি: ঢাকা মেইল
সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায় তিনি একথা জানান। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলের প্রার্থীদের নামও ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের মেয়র প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

পরে দলের প্রধান ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের কার্যক্রম নিয়ে কথা বলেন।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Oplus_131072

দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

কালের আলো/এসএকে

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি।

এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

প্রসঙ্গত, চাঁদ দেখা যাক না যাক, বহু বছর ধরে সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ পালনের রীতি চলে আসছে। সেটি ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা।

ফলে বাংলাদেশে যে ঈদুল আজহা ২৮ মে উদযাপিত হবে, তা এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার। অবশেষে সেই ঘোষণাও এলো।

এদিকে এবার ঈদুল আজহায় সাত দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে সেই ছুটি, শেষ হবে ৩১ মে।

এই ছুটির ফলে ঘরমুখো মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, যা ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

কালের আলো/এসআর/এএএন