খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলেন শুভেন্দু

ভারতের বিধানসভা নির্বাচনে বুধবার (২৯ এপ্রিল) ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহন। এদিন বাকি ১৪২টি বিধানসভা আসনের ভোট হয়।

দ্বিতীয় দফার নির্বাচনে সারা রাজ্যের নজর ছিল ভবানীপুরে। যেখানে লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা বিজেপিপ্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে।

বিরোধী দলনেতাকে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা এমনকি তাদের দিকে তেড়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমের ফুটেজে।

ভবানীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ‘ক্যাম্প অফিস’ খুলেছিলেন শুভেন্দু। ৭৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি সরাসরি যান ৭০ নম্বর ওয়ার্ডের ওয়ার রুমে। সেখানে কর্মীদের কাছ থেকে ভোট সংক্রান্ত খোঁজখবর নিয়ে রওনা দেন ৮২ নম্বর ওয়ার্ডে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের চেতলা গার্লস স্কুলের কেন্দ্রে গিয়ে ভোটপ্রক্রিয়া নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। ফেরার সময় কাকতালীয় ভাবে মুখোমুখি হয়ে যান ফিরহাদ-তনয়া প্রিয়দর্শিনী হাকিমের। যদিও কোনও বাক্য বিনিময় হয়নি।

ওই কেন্দ্রে থেকে বেরোনোর সময়েই শুভেন্দু জানতে পারেন, ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় ভোট পরিস্থিতি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শোনামাত্রই কনভয় ঘুরিয়ে চেতলা থেকে শুভেন্দু পৌঁছান চক্রবেড়িয়া রোডের একটি স্কুলের বুথে।

উত্তেজনা ছড়াতে পারে ভেবে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। যদিও মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা কেউই তেমন কোনও পরিস্থিতি তৈরি হতে দেননি।

মুখ্যমন্ত্রী মমতার মুখোমুখি হওয়ার আগেই এলাকা ছেড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হন শুভেন্দু। ৭২ নম্বর ওয়ার্ডের একটি বুথে গিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বুথে বুথে ৫০-৬০ জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যা ‘আইনবিরুদ্ধ’ বলে তার দাবি।

ততক্ষণে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বোঝা গেল, শুভেন্দু আবহাওয়ার জন্য তৈরি হয়েই বেরিয়েছিলেন। ছাতা বের করে মাথা ঢাকা দেন বিরোধী দলনেতা। বিজেপির ক্যাম্প অফিসে বসে ফোন করে বিশদে খোঁজ নেন আবহাওয়ার। ফোন ছেড়ে বিজেপি নেতা নবীন মিশ্রকে বলেন, ‘আর বৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি। সবাইকে বলে দাও কেউ যেন বুথ না ছাড়ে।’

অতঃপর শ্রীশিক্ষায়তন স্কুলের বুথে ভোট পরিস্থিতি দেখতে চলে যান শুভেন্দু। ওই স্কুলের বুথ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরেই দিল্লি থেকে ফোন পান তিনি। ফোনে কথা বলে চলে যান নিজের আইসিসিআরের দফতরে। সেখান থেকে তার সঙ্গে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

আলোচনা হয় ‘মন্থর’ ভোটপ্রক্রিয়া নিয়ে। দক্ষিম ২৪ পরগনার ফলতার একটি বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর নামের জায়গায় সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে বলেও শাহের কাছে অভিযোগ করেন শুভেন্দু। শাহের পরামর্শেই কথা বলেন গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবের সঙ্গে।

দুপুরের দিকে মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্র মিত্র ইনস্টিটিউশনে যান বিরোধী দলনেতা। সেখানে বুথে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। সেখান থেকে ভবানীপুর মুক্তদল মোড়ে যাওয়ার সময় একদল তৃণমূল সমর্থক পটুয়াপাড়ার দিক থেকে ধেয়ে যান শুভেন্দুর কনভয়ের দিকে।

স্লোগান দিতে থাকেন, ‘চোর, চোর, চোরটা, শিশিরবাবুর ছেলেটা!’ পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন শুভেন্দুর সঙ্গী বিজেপি কর্মীরাও। স্লোগানযুদ্ধের পরিস্থিতিতে দু’পক্ষের কর্মীদের আক্রমণাত্মক মেজাজ দেখে গাড়ি থামিয়ে নির্বাচন কমিশনে ফোন করে শুভেন্দু বলেন, এলাকায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী পাঠাতে।

দ্রুতই সেখানে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাদের সঙ্গে করেই শুভেন্দু ধেয়ে যান তৃণমূল কর্মীদের দিকে। দৌড়তে দৌড়তে স্লোগান দিতে থাকেন, ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই।’

পরে বিজেপি অভিযোগ করে, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুভেন্দুর কনভয়ের দিকে তেড়ে গিয়েছিলেন এলাকার তৃণমূল কর্মীরা।

কেন্দ্রীয় বাহিনী গিয়েসে পরিস্থিতি সামাল দেয়। শুভেন্দু তখন যান ৭৪ নম্বর ওয়ার্ডের ভোট পরিস্থিতির খোঁজ নিতে। আলিপুরের ক্যাম্প অফিসে গিয়ে একান্তে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

সেখান থেকে বেরিয়ে ৭০ নম্বর ওয়ার্ডের একটি বুথে যাওয়ার সময় তৃণমূলের একটি অস্থায়ী ক্যাম্পের ঢুকে পড়েন বিরোধী দলনেতা। ওই ক্যাম্পের এক প্রবীণের সঙ্গে হাত মিলিয়ে তার স্বাস্থ্য প্রসঙ্গে খোঁজখবর নেন।

৭১ নম্বর ওয়ার্ডের বিজেপির অস্থায়ী ক্যাম্পে গিয়ে বসে কর্মীদের ভোট পরিচালনার জন্য উৎসাহ দেন। সেখানে বিজেপি কর্মীদের অনুরোধে নরম পানীয়ে গলা ভেজান শুভেন্দু। এর পরে ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডের কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে গেলেও আর কোনও বুথে যাননি তিনি। একেবারে শেষে ৭৪ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী দফতরে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু।

তিনি দাবি করেন, ভবানীপুরের ৩৫ হাজার সংখ্যালঘু ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ২৮ হাজার। তাই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী যে ব্যবধান পেয়ে জয়ের আশা করছেন, তা অনেকটাই কমে গিয়েছে।

ভোটের মাঝপথেই শুভেন্দু জানিয়েছিলেন, ভবানীপুরে ৮০ শতাংশ ভোট হলে তিনি জিতবেন। ৯০ শতাংশ ভোট হলে বড়সড় ব্যবধানে জিতবেন। আর ৫০ শতাংশ ভোট হলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচন কমিশনের হিসাব বলছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে সাড়ে ৮৬ শতাংশ।

কালের আলো/এসাআর/এএএন 

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের গতিবেগ কোনো জায়গায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাংগাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। সংস্থাটি জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ দফা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Oplus_131072

পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। ট্রেনটি সেনানিবাস এলাকা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই হামলায় আহত হয়েছেন অন্তত ৮২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালের আলো/এসএকে