আটলান্টিকে ক্রুজ জাহাজে হান্টাভাইরাস সন্দেহে তিনজনের মৃত্যু
আটলান্টিক মহাসাগরে চলাচলরত একটি ক্রুজ জাহাজে সন্দেহভাজন হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। একটি সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং আরও পাঁচটি সন্দেহভাজন ঘটনা তদন্তাধীন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আক্রান্তদের মধ্যে ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ।
সংক্রমণের ঘটনাটি ঘটে এমভি হন্ডিয়াস নামে একটি পর্যটকবাহী জাহাজে, যা আর্জেন্টিনা থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করছিল।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ১৫০ জন পর্যটক ছিলেন। গত ২০ মার্চ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করা জাহাজটি ৪ মে কেপ ভার্দেতে পৌঁছানোর কথা ছিল। যাত্রাপথে এটি অ্যান্টার্কটিকা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া, সেন্ট হেলেনা ও অ্যাসেনশনসহ একাধিক স্থানে থামে।
নিশ্চিত সংক্রমণটি ওই ব্রিটিশ নাগরিকের শরীরে শনাক্ত হয়েছে। তিনি সেন্ট হেলেনা থেকে অ্যাসেনশন দ্বীপে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়।
পর্যটকবাহী জাহাজটি পরিচালনা করছে ওশানওয়াইড এক্সপেডিশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজে থাকা আরও দুই অসুস্থ ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। তবে তাদের শরীরে এখনো হান্টাভাইরাস নিশ্চিত হয়নি।
কেপ ভার্দে উপকূলে অবস্থানরত জাহাজটিতে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। তবে এখনো অসুস্থদের জাহাজ থেকে নামিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
প্রতিষ্ঠানটি বলেছে, তিনজনের মৃত্যুর সঙ্গে হান্টাভাইরাসের সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
হান্টাভাইরাস সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র বা মলের সংস্পর্শে ছড়ায়। বিরল ক্ষেত্রে এটি মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে এবং গুরুতর শ্বাসতন্ত্রের জটিলতা সৃষ্টি করতে পারে।
কালের আলো/এসাআর/ এএএন


আপনার মতামত লিখুন
Array