খুঁজুন
                               
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩
           

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. উইসাম হুসেন আলী আল ইথাউই।

সোমবার (১০ মে) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের পর অভিনন্দন জানানোর জন্য প্রতিমন্ত্রী ইরাকের নেতৃত্ব ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি ১৯৭২ সালে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে ইরাকের স্বীকৃতি দেওয়ার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করে।

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা প্রদান এবং তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরাক সরকারের প্রশংসা করেন।

উভয় পক্ষ ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক এবং কৃষি পণ্যের মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করে বৈঠকে।

একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ-ইরাক।

কালের আলো/এসআর/এএএন

মাঝরাতে কাটাবনের ভবনে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
মাঝরাতে কাটাবনের ভবনে আগুন, নিহত ২

রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের আবাসিক ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী দুজনের মধ্যে এজনের নাম জনি (২৫), তার বাড়ি কিশোরগঞ্জ; অন্যজনের নাম সালাম (১৯), তার বাড়ি বগুড়ায়। তারা দুজনেই অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।

আল বারাকা টাওয়ারের ১২ তলার ডি-১ ও ১৩ তলার ডি-১ দুটি ফ্ল্যাটে ল চেম্বার ছিল। জনি ও সালাম দুই চেম্বারের অ্যাডভোকেটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জনি ও সালামকে ভবনের ১৩ তলার ডি-১ ফ্ল্যাটের ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়। পরে একজনকে ঢাকা মেডিক্যালে এবং অন্যজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে আগুন লাগে। পরে পলাশী থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার থেকে ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/এএন/এমএসআইপি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির অভিযোগ করছেন দেশটির সাধারণ মানুষ। খবর সিএনএনের।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। শুক্রবার তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

এর আগে দেলসি রদ্রিগেজ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হওয়ার তথ্য দেন। গত শুক্রবার (২৬ জুন) ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আনুমানিক কত মানুষ নিহত হতে পারেন, সে তথ্য দেওয়া না হলেও নিখোঁজ ব্যক্তিদের তালিকা একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পকে দেশটির গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) জানিয়েছে, গতকাল জাহাজে হামলার কঠোর জবাব দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। ইরানের আচরণ নৌ-চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবারও যেকোনো হামলা হলে এর জবাব আরও ব্যাপক হবে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতিসহ চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের শর্ত যুক্ত করা হয়েছিল। পাশাপাশি আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোয় সিদ্ধান্তে পৌঁছানোর কথা ছিল। যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়।

গত বৃহস্পতিবার সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলিতে’ হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুনরায় বেড়েছে। এ ঘটনাকে সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে জাহাজে হামলার পর প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের মিশন স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। যদিও তেহরান এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান তাদের অনুমতি ছাড়া এ নৌপথ ব্যবহার করে চলাচল না করার জন্য বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সঙ্গে সমন্বয় করে এবং নৌ-চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রতি ওমান সালতানাতের দায়িত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব বিবেচনায় কোনো ধরনের ফি ছাড়াই নৌ-চলাচল অব্যাহত রাখতে আইএমওর সঙ্গে সমন্বয় করে অস্থায়ী করিডোর চালু করা হয়েছে।

করিডোরটি আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে। এ রুটে চলাচলকারী জাহাজগুলোকে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।

সূত্র: আল জাজিরা

কালের আলো/জেএন/এমএসআইপি