খুঁজুন
                               
, ,
           

হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিক ও শত শত জাহাজ সরিয়ে নেওয়ার বিশেষ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর নাবিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, বৃহস্পতিবার ওমান উপকূল থেকে মাত্র ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল (১৪ কিলোমিটার) দূরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির ডান পাশে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের কন্টেইনারবাহী জাহাজ ‘এভার লাভলি’।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘হামলার পর জাহাজটি ইতিমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ও তার যাত্রা অব্যাহত রেখেছে এবং জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে আছেন’।

এই হামলার দায় স্বীকার না করলেও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তেহরানের অনুমতি ছাড়া এই নৌপথ ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরানের সাথে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই কিছু কর্তৃপক্ষ (ওমান ও জাতিসংঘ) হরমুজ প্রণালি পারাপারের জন্য নতুন রুটের ঘোষণা দিয়েছে। ইরান এই পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে দেখছে।

পৃথকভাবে বর্তমানের হরমুজের নিয়ন্ত্রণবারী ইরানি সংস্থা ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ‘পিজিএসএ নির্ধারিত কাঠামোর বাইরে কোনো নৌপথ ব্যবহার করলে জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না।’

এই পরিস্থিতিতে জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ যুদ্ধের কারণে আটকে পড়া ৬০০টি জাহাজ ও সেগুলোতে অবস্থানরত প্রায় ১১ হাজার নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।

এক বিবৃতিতে ডোমিঙ্গেজ বলেন, সরিয়ে নেওয়ার তালিকায় থাকা জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা এখনো বহাল রয়েছে কি না, তা পুনরায় নিশ্চিত করতে তিনি পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, নাবিকদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। তাই একটি সমন্বিত উদ্যোগ এবং নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে, পরবর্তী স্পষ্ট ধারণা না পাওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।’

ডোমিঙ্গেজ আরও জানান, বৃহস্পতিবার যে জাহাজটিতে হামলা হয়েছে, সেটি আইএমওর সরিয়ে নেওয়ার কাঠামোর আওতায় চলাচল করছিল না।

এদিকে হোয়াইট হাউস জানায়, তারা এ সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল ব্যাহত করার সুযোগ ইরানকে দেওয়া হবে না।’

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি ১৪ দফার প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে এই হামলার ফলে সেই শান্তি চুক্তি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: রয়টার্স

কালের আলো/আরডি/এমডিএইচ

ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা

কয়েকদিন বন্ধ থাকার পর আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে তারা জানায়, বুধবার (২৯ জুলাই) রাতে ইরান জুড়ে বিমান হামলা চালানো হয়েছে। ইস্টার্ন টাইম থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আগের দিন ইরানের হামলার চেষ্টার জবাবে এই শক্তিশালী হামলা চালানো হয়েছে।

হামলার ফলে কয়েক মাস ধরে চলা সংঘাত আরও তীব্র হয়েছে এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এতে জড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, হামলার সময় ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে বুধবার মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে।

একই সময়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী পূর্ব ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালায়। অন্যদিকে, জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তবে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের কথা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়টি উল্লেখ করেনি। হামলার জন্য কে দায়ী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরাক ও মিসরে সাম্প্রতিক এসব হামলা মধ্যপ্রাচ্যের আরও দেশকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারই ইরানের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, এবার আমাদের পালা। একই সঙ্গে তিনি ইরানকে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিলেও কূটনৈতিকভাবে শান্তিচুক্তির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

এদিকে ইরান নিশ্চিত করেছে, তারা জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি, বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ যৌথভাবে পরিচালনার জন্য ওমানের দেওয়া প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।

কালের আলো/আরডি/এমডিএইচ

দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
দুর্যোগ সচিব সাইদুরকে দুদকে বদলি, সচিব পদে পদোন্নতি পেলেন ফজলুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া অন্য আদেশে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব আমেনা বেগম রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, সুইমিংপুল , জিমনেসিয়ামসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, সমস্ত স্থপনা সংস্কার করা খুব জরুরী। সরকার স্থাপনা নির্মাণ করবে কিন্ত তার দেখভাল করার জন্য কমিটিকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যেসব দোকান আছে তাদের নিকট  চিঠি দিয়ে ভাড়া আদাযের পদক্ষেপ নিতে হবে।

এর ব্যত্যয় ঘটলে আইনী পন্থায় দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ দোকানের বরাদ্দ বাতিল করতে হবে।

কারণ আপনাদের নিজস্ব আয়ের মাধ্যমে স্টেডিয়াম পরিচালনা করতে হবে। এ সময় তিনি জেলা ক্রীড়া অফিসারগনকে দিক নির্দেশনা দেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।

জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি