খুঁজুন
                               
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের একদিন পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরবেন। পাশাপাশি বাজেট নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন বলে জানা গেছে।

গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, উৎপাদন, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে উদ্যোগ ও উদ্ভাবনের বিকাশ ঘটবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

একই বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে। এমনকি ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষরও হতে পারে।

তিনি আরও বলেন, ইরান-সম্পর্কিত চুক্তির নথিপত্র এখন ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে-এমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, মুখপাত্রের মতে, আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে, তা সময়ের আগেই করা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

তথ্যসূত্র: জিও নিউজ
কালের আলো/এসআর/এএএন

গাজীপুরে ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
গাজীপুরে ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানা সংলগ্ন ময়লার ভাগাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মহাসড়কের পাশে স্থানীয় আদিব ডাইং কারখানার কাছে ময়লার ভাগাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ে সাদা টি শার্ট এবং গ্রামীণ চেকের ট্রাউজার ছিল।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় অথবা দুর্বৃত্তরা যুবককে অন্য কোনো স্থানে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলে রেখে যেতে পারে। হত্যার রহস্য উদঘাটন এবং যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রোগীদের ছেড়ে দিইনি, সেবা চলছে: আদ্-দ্বীন হাসপাতাল পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
রোগীদের ছেড়ে দিইনি, সেবা চলছে: আদ্-দ্বীন হাসপাতাল পরিচালক

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে বলেও জানিয়েছে তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের কোনো ধরনের ক্ষতি না করে চিকিৎসাসেবা অব্যাহত রাখতেই তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১২টায় হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তারিকুল ইসলাম মুকুল বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চললেও জনস্বার্থ বিবেচনায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার সুযোগ দেওয়া হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেখানে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিচালক জানান, রোগীদের দ্রুত স্থানান্তরের বিষয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নের সময়ও তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোগীদের অন্য হাসপাতালে রেফার না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বলেছে আদ্-দ্বীনের আরও কয়েকটি হাসপাতাল রয়েছে এবং রোগীরা সেখানে যেতে পারবেন। তবে সরকার রোগীদের চিকিৎসা বন্ধ করতে বলেনি। তাই বর্তমানে ভর্তি রোগীদের সেবা দেওয়া অব্যাহত রয়েছে। আমরা রোগীদের ছেড়ে দিইনি।

তিনি আরও বলেন, সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতালের দায়িত্ব। তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে নবজাতকদের জন্য থাকা এনআইসিইউ সুবিধা শুধু মগবাজার হাসপাতালেই রয়েছে। আদ্-দ্বীনের অন্য কোনো হাসপাতালে এ ধরনের বিশেষায়িত ইউনিট না থাকায় রোগীদের সেখানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।

পরিচালক বলেন, সরকারের বিভিন্ন হাসপাতালে এনআইসিইউ সুবিধা রয়েছে। সরকার যেভাবে নির্দেশনা দেবে, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নতুন রোগী ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী গতকাল থেকেই নতুন রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু আগে থেকে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর তদন্ত করে হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং ১১ জুন হাসপাতালের নিবন্ধন বাতিল করে।

কালের আলো/এসআর/এএএন