খুঁজুন
                               
, ,
           

বেনজীর গ্রেফতার, পরীমনি কেন আনন্দিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
বেনজীর গ্রেফতার, পরীমনি কেন আনন্দিত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী পরীমনিও।

রোববার (১৪ জুন) পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেফতারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে মাত্র একটি শব্দ লিখেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মজা।’ এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কেন? ধারণা করা হচ্ছে বোটক্লাব সম্পৃক্ত মামলায় বেনজীর আহমেদের যোগ রয়েছে। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে প্রায় এক দশক অবৈধভাবে ক্লাবের সভাপতির পদ দখল করে ৩২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি পরীমনির নামে মামলা ও তার কারাবাসের পেছনেও তার হাত রয়েছে বলে অনেকে মনে করেন।

তবে বোটক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সাবেক আইজিপি ও ঢাকা বোটক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময় তিনি জানান, বেনজীর অবৈধভাবে বিনাভোটে বোটক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর আগে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

তবে গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কালের আলো/এসআর/এএএন

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দেওয়া, ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, গ্যাসসংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমিক মজলিস।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণ, গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই বন্ধ, চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, নিরাপদ কর্মসংস্থান এবং শ্রমিক কার্ড চালুর দাবিতে এ সমাবেশের আয়োজন করে শ্রমিক মজলিস।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম বলেন, ‘রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দিতে হবে। ৪৪টি কলকারখানা বেসরকারি করণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। একই সঙ্গে শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ বা বেসরকারিকরণের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান অনিশ্চিত করা যাবে না। এসব শিল্পকারখানাকে সচল করার উদ্যোগ নিতে হবে এবং শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

গ্যাস সংকটের কারণে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে মুহাম্মদ আবদুল করিম বলেন, ‘গ্যাসসংকটের কথা বলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। অবৈধভাবে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হলে তার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে ছাঁটাই করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করারও দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের সব ন্যায্য অধিকার বাস্তবায়ন এবং শ্রমিক কার্ড চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে রাজনৈতিক সিন্ডিকেটের অভিযোগ তুলে শ্রমিক মজলিসের সভাপতি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে যে রাজনৈতিক সিন্ডিকেট করা হয়েছে, সেটিও দ্রুত বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিয়েও যেন কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের কারণে সাধারণ শ্রমিক ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা রক্ষা, শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে শিল্পখাতে বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক মজলিসের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়েছে। রাশিয়ার আগে চীন ও যুক্তরাষ্ট্রও তাকে অভিনন্দন জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পেরে ‘আত্মগোপন’, খুঁজে বের করলো পুলিশ

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পেরে ‘আত্মগোপন’, খুঁজে বের করলো পুলিশ

চাঁদপুর শহরের পরিচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস, তাঁর স্ত্রী ও দুই সন্তান—চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তৈরি হয়েছিল নানা প্রশ্ন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না থাকা এবং হঠাৎ ব্যবসা ও বাসা ছেড়ে চলে যাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে। শেষ পর্যন্ত সেই রহস্যের অবসান ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সেখানকার নিজ এলাকা থেকে চারজনকেই উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। তবে পুলিশি উদ্ধারের পর সামনে এসেছে নিখোঁজ হওয়ার ভিন্ন একটি কারণ। পুলিশের অনুসন্ধান ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে তা সময়মতো ফেরত দিতে না পারায় পিন্টু দাস পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিখোঁজের ঘটনায় বাড়ে উদ্বেগ
গত ২৬ আগস্ট পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। একই সময়ে রংপুরে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছিল। ফলে চাঁদপুরের একটি পরিবারের চার সদস্যের একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গুরুত্ব পায়।পুলিশ প্রথমে নিখোঁজের বিষয়টি সাধারণভাবে তদন্ত শুরু করলেও পিন্টুর বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের মানুষের সঙ্গে কথা বলে নতুন তথ্য পায়।

জানা যায়, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রাখার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বেশ কিছু মানুষের কাছ থেকে স্বর্ণ নিয়েছিলেন। এসব স্বর্ণ ফেরত দিতে না পারার চাপ থেকেই তিনি পরিবার নিয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে তদন্তের গতিপথ বদলে যায়।

প্রযুক্তির সহায়তায় শনাক্ত অবস্থান
পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধারে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সদর মডেল থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। প্রায় দুই দিন তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানোর পর পুলিশ তাঁদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সদর মডেল থানার একটি বিশেষ দল চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে চারজনকে উদ্ধার করে।অভিযানে নেতৃত্ব দেওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না—এমন সংবাদ প্রকাশের পর পুলিশ তাঁদের উদ্ধারে কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে বিশেষ দলের মাধ্যমে পটিয়া থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হচ্ছে।

সামনে এখন মূল প্রশ্ন—বন্ধকি স্বর্ণ গেল কোথায়?
পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করা গেলেও ঘটনার মূল জটিলতা এখনো কাটেনি। বরং উদ্ধারের পর তদন্তের সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। মানুষের কাছ থেকে ঠিক কত পরিমাণ স্বর্ণ বন্ধক রাখা হয়েছিল? সেই স্বর্ণের বিপরীতে কী ধরনের লেনদেন হয়েছিল? কতজন গ্রাহক এখন তাঁদের স্বর্ণ ফেরত পাচ্ছেন না? স্বর্ণগুলো বর্তমানে কোথায়—এবং সেগুলো বিক্রি, হস্তান্তর কিংবা অন্য কোনোভাবে ব্যবহার করা হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। ইতোমধ্যে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে একাধিক ব্যক্তি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন। ফলে ঘটনাটি শুধু একটি পরিবারের নিখোঁজ হওয়ার বিষয় হিসেবে থাকছে না; এর সঙ্গে আর্থিক লেনদেন ও সম্ভাব্য প্রতারণার অভিযোগও যুক্ত হয়েছে।

বাসা ছাড়ার বিষয়েও জিডি
পিন্টু দাস চাঁদপুর শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। তাঁর হঠাৎ অবস্থান পরিবর্তনের বিষয়টিও পুলিশের নজরে আসে। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডি, স্বর্ণ বন্ধক সংক্রান্ত অভিযোগ এবং পরিবারের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়গুলো মিলিয়ে দেখলে ঘটনাটির পেছনে আর্থিক চাপের একটি সম্ভাব্য চিত্র পাওয়া যাচ্ছে। তবে সেটি এখনো তদন্তসাপেক্ষ; পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আত্মগোপন, নাকি অন্য কোনো কারণ?
পরিবারের চার সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হওয়ায় নিখোঁজের ঘটনায় সবচেয়ে বড় উদ্বেগ আপাতত কেটে গেছে। কিন্তু তাঁরা কেন চাঁদপুর ছেড়ে পটিয়ায় গেলেন, সেখানে কতদিন ছিলেন এবং তাঁদের সঙ্গে থাকা বা না থাকা বন্ধকি স্বর্ণের বিষয়ে কী তথ্য রয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। পুলিশ জানিয়েছে, তাঁদের নিখোঁজ হওয়ার কারণ এবং স্বর্ণ বন্ধক সংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর বিস্তারিত জানা যাবে।

অর্থাৎ, এই ঘটনায় আপাতত একটি পরিবারের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান হলেও শেষ হয়নি মূল তদন্ত। বরং পিন্টু দাসের ব্যবসায়িক লেনদেন, বন্ধকি স্বর্ণের হিসাব এবং অভিযোগকারীদের দাবি যাচাইয়ের মধ্য দিয়েই বেরিয়ে আসতে পারে ঘটনার প্রকৃত চিত্র।

কালের আলো/এম/এএইচ