খুঁজুন
                               
, ,
           

যুদ্ধের রাশ সহজেই টানছেন না পুতিন, বাড়তে পারে হামলার তীব্রতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
যুদ্ধের রাশ সহজেই টানছেন না পুতিন, বাড়তে পারে হামলার তীব্রতা

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের রাশ পুতিন সহজেই টানছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সব ধরনের সমঝোতার সম্ভাবনাও প্রত্যাখ্যান করছেন।

ক্রেমলিন সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক বড় আকারের ড্রোন হামলাকে ‘যুক্তি’ হিসেবে ধরে নিয়ে দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। সামনের মাসগুলোতে রাশিয়ার আক্রমণের তীব্রতা আরও বাড়তে পারে।

তবে, বরাবরের মতোই যেন বাস্তবতার বিপরীত কথা বলতে পছন্দ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যেমন তিনি অনেকদিন ধরে ভুল তথ্য দিয়ে এসেছেন তেমনি অসংলগ্ন মন্তব্য করেছেন রাশিয়া-ইউক্রেন ইস্যুতেও। গত সোমবার তিনি বলেন, পুতিন এই যুদ্ধ শেষ করতে চান এবং চুক্তি সম্পন্নের বিষয়টি মানুষের ধারণার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা আলাদা ফোনালাপও হয়েছে। ন্যাটো সম্মেলনে জেলেনস্কিও বলেছেন, শান্তি আনতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

পুতিন সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে জানা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের বাকি অংশ দখলের মূল লক্ষ্য অর্জনে রাশিয়ার প্রেসিডেন্ট তার অবস্থানে অনড় রয়েছেন। জুনেও জেলেনস্কির দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন পুতিন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ রয়টার্সকে বলেন, রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত। তবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া ও এই বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা রাশিয়ার রয়েছে।

একই রকম তথ্য পাওয়া গেছে জেলেনস্কির দপ্তর থেকেও। ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোর গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যুদ্ধ চালিয়ে যাওয়ার পদক্ষেপ নিচ্ছেন পুতিন। ইউরোপের অন্য কোনো দেশে আক্রমণের বিষয়টিও রাশিয়ার বিবেচনায় রয়েছে।

রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ্যেই এই যুদ্ধাভিযান সম্প্রসারণের আলোচনা করছেন। তবে, লন্ডনভিত্তিক থিংকট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জ্যাক ওয়াটলিং বলছেন, রাশিয়ানরা ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তবে এই জোটকে বিভক্ত করার চেষ্টা চালাতে পারে তারা।

তিনি আরও বলেছেন, ন্যাটোর সঙ্গে সংঘাতের ঝুঁকিকে ব্যবহার করে ইউক্রেনে নিজের সামরিক অভিযান বিস্তৃতির ন্যায্যতা দেওয়ার চেষ্টা করতে পারেন পুতিন।

কালের আলো/আরডি/এমডিএইচ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে দিনের প্রথম কর্মসূচিতে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি নান্দাইলে শশা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলস কাজ করছে।

তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এই সংক্রান্ত একটি আইনি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।

এদিন ট্রাম্প পরিবারের ব্যক্তিগত ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং-৭৫৭ উড়োজাহাজ অবতরণের মাধ্যমে এই নাম পরিবর্তন উদযাপন করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো গলফ রিসোর্ট ও আবাসনের কাছেই অবস্থিত।

এরিক ট্রাম্প বলেন, ‘পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কেউ এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। সম্ভবত পুরো ফ্লোরিডাতেও নয়।’

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বের হওয়া প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।

এ পরিবর্তনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর একটি হবে!’

এএফপি জানিয়েছে, প্রায় অর্ধশতাব্দী ধরে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের এই নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় এবং নতুন সাইন বোর্ড স্থাপনে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দায়িত্বরত কোনো রাষ্ট্রপতির নামে কোনো বিমানবন্দরের নামকরণ করা হলো। এর আগে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা ভেঙে গত মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন ট্রাম্প। এছাড়া জাতীয় উদ্যানের প্রবেশ পাসে ইতোমধ্যে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। ‘ট্রাম্প ক্লাস’ নামে একটি নৌযানের নতুন শ্রেণিও ঘোষিত হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে নবম নারী বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালের আলো/জেএন/এমএসআইপি