খুঁজুন
                               
, ,
           

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে ১২ লাখ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে ১২ লাখ মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাবে বাংলাদেশে আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের প্রকাশিত ‘দ্য ইমপ্যাক্ট অব দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট অন চিলড্রেন ইন মনিট্যারিলি পুওর হাউসহোল্ডস’ শীর্ষক বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

১৬৭টির বেশি দেশের তথ্য বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কায় পরিবারগুলোর ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে দরিদ্র শিশু ও নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে আরও ২ কোটি ৩৪ লাখ শিশু আর্থিক দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, মাছ ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ পরিবারের ওপর চাপ বাড়ছে। এর ফলে অতিরিক্ত প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে।

ইউনিসেফ জানিয়েছে, বৈশ্বিক আর্থিক দারিদ্র্য বৃদ্ধির সবচেয়ে বড় অংশ ঘটবে এশিয়া ও আফ্রিকায়। নতুন করে দারিদ্র্যে পড়া মানুষের প্রায় ৮০ শতাংশই এ দুই অঞ্চলের হবে। কারণ এসব অঞ্চলে আগে থেকেই দারিদ্র্যের হার বেশি এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার প্রভাবও তুলনামূলক বেশি।

প্রতিবেদনে দুটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। মাঝারি অর্থনৈতিক ধাক্কার পরিস্থিতিতে আরও ১ কোটি ৮৩ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। আর যুদ্ধ দীর্ঘায়িত হয়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের সংকট তৈরি হলে এই সংখ্যা বেড়ে ২ কোটি ৩৪ লাখে পৌঁছাতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল্য শুধু ওই অঞ্চলের শিশুরাই দিচ্ছে না, বিশ্বের অন্যান্য দেশের শিশুরাও এর প্রভাবের শিকার হচ্ছে। দীর্ঘস্থায়ী সংকট খাদ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলো অনেক পরিবারের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যবৃদ্ধির সম্মিলিত প্রভাবে লাখো শিশু আরও গভীর দারিদ্র্যের মধ্যে চলে যেতে পারে।

প্রতিবেদনে শিশুদের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সরকার, দাতা দেশ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

কালের আলো/এসএ 

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টা জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ চিকিৎসক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা পাঠানোর খবরটি ‘গুজব’: সদরদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা পাঠানোর খবরটি ‘গুজব’: সদরদফতর

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা পাঠানোর খবরটি সম্পূর্ণ অসত্য এবং এটি একটি গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ সদরদফতর।

শুক্রবার (৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, দেশজুড়ে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ কর্মকর্তাদের ফোনে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশের সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব। সদরদফতর থেকে কর্মকর্তাদের ফোনে এমন কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।

এরআগে গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে।

বার্তায় লেখা ছিল—‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট/ টহল/ মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন তারা সর্বোচ্চ সর্তকতারসহিত ডিউটি পালন করবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করবেন। অতীব জরুরি নির্দেশনা: পুলিশ হেডকোয়ার্টর্স।’

এরআগে শুক্রবার পুলিশ সদরদফতর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও জালিয়াতি নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।’

‘পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করায় ও অপপ্রচারকারীদের কোনো অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট মহল মনগড়া তথ্যসংবলিত এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত, পুলিশসহ অন্যান্য সরকারি দফতরে বিভিন্ন অন্যায় তদবির করা ও অপপ্রচার না চালানোর শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে। ’

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনেও পুলিশের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের সেখানে যাওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজের অংশ হিসেবে এই পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী থাকবেন। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে যাওয়ার অনুমতি পেয়েছেন।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব-১ সদর দফতরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউটররা। সেদিন তারা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন। এ ছাড়া সাতটি ডেথ সেল পরিদর্শন করে সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের বিষয়ে ধারণা নেন।

এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১। ওই দিন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরেন।

কালের আলো/আরডি/এমডিএইচ