খুঁজুন
                               
, ,
           

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই ত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে সক্ষম হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের সহকর্মী, ভাই-বোনেরা অকাতরে সংগ্রাম করেছেন। আজকে আমরা যে সরকার গঠন করতে পেরেছি, তা তাদেরই মহান ত্যাগের ফসল।

নিজের রাজনৈতিক কর্মপন্থা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, আমি নীরব ও নিভৃতে নান্দাইলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফ্যাসিবাদের কঠিন সময়ে যখন কেউ নান্দাইলে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার সাহস পায়নি, তখন আমি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। এসময় মুহুর্মুহু করতালির মাধ্যমে উপস্থিত নেতা-কর্মীরা তাতে সায় দেন।

তিনি আরও বলেন, ১৭ বছরের যুদ্ধে অনেকে কারাবরণ করেছেন, অনেকে জুলুম-নির্যাতন সহ্য করেছেন এবং অনেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের বীজ রোপণ করেছিলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ঐতিহাসিক ফলাফল অর্জিত হয়েছে। আজ সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো।

সভায় তথ্য প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তালিকাভুক্ত জুলাই শহীদ পরিবারকে আগামী ২ মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে আগামী ৭ দিনের মধ্যে নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এছাড়া নান্দাইলের শহীদ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নান্দাইলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল ও মাদ্রাসার উন্নয়ন কাজের প্রতিনিয়ত খোঁজ রাখা হচ্ছে এবং এগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শহীদ জুবায়ের ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী, শহীদ হুমায়ুন কবিরের বড় ভাই মোহাম্মদ আলী, জুলাই যোদ্ধা শেখ সাদী, জুলাই যোদ্ধা রানা হোসেন, ছাত্রদল নেতা পিয়াস হোসেন, যুবদল নেতা হাকীকুজ্জাম নওফেল এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাহীন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে. এম. আবদুল্লাহ আল মামুন এবং নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যগণ, সংবর্ধিত জুলাই যোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সিভিল প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকালে প্রতিমন্ত্রী নান্দাইল পৌঁছে শহীদ মিনার চত্বরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেন। এরপর উপজেলা পরিষদের সামনে জুলাই এর স্মৃতি ধরে রাখার জন্য গ্রাফিতিতে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিকেলে অডিটরিয়ামের সামনে উন্মুক্ত স্থানে ছবিতে জুলাই শিরোনামে ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় জুলাই নিয়ে বিশেষ বই মেলারও উদ্বোধন করেন তিনি। এরপর একই স্থানে স্মৃতির ক্যানভাস-এ নিজের অভিজ্ঞতা লিখে স্বাক্ষর করেন তথ্য প্রতিমন্ত্রী। পরে অন্যরাও ক্যানভাসে জুলাই নিয়ে নিজেদের অভিজ্ঞতা লিখেন। পরে তিনি উপজেলা পরিষদে স্থাপিত ‘জুলাই কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজের পরিবারের পরলোকগত সদস্যদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

কালের আলো/এম/এএইচ

আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় থেকেই এ পদমর্যাদা কার্যকর হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি মো. দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২ নম্বরের এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালের আলো/এমএসআইপি/এএইচ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি